
কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেছিলেন, ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা হক। তবে পরে সামিরা ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ দাবি করেন, ওই নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা।
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হওয়ার পর পুরোনো সেই ছবিটি আবারও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে মোস্তাক ওয়াইজ ও সামিরার কয়েক বছর আগের বক্তব্য সামনে এসেছে।
মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে তোলা হয়েছিল। সিনেমাটির প্রধান অভিনয়শিল্পী ছিলেন শাবনাজ ও সালমান শাহ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকার ভূমিকায়।
মোস্তাক বলেন, ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, অভিনেত্রী সাবরিনা। সালমান শাহ নাকি ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুষ্টুমি করে ছবিটি তুলেছিলেন। পরবর্তী সময়ে এই ছবি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন সালমান।
ডনের সঙ্গে সামিরার ছবি নিয়েও ব্যাখ্যা দেন মোস্তাক। তার দাবি, একটি ছবিতে সামিরা ম্যাগাজিন পড়ছিলেন এবং সালমান ছবি তুলছিলেন। সে সময় ডন ছবি তোলার জন্য হাত বাড়িয়ে দিলে তার সঙ্গে সামিরার একটি ছবি ওঠে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সামিরাও সে সময় একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি দাবি করেন, তার একটি ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও অপমানজনক কথা ছড়ানো হচ্ছে। ডনকে তিনি ছোট ভাইয়ের মতো দেখতেন বলেও জানান।
সামিরার ভাষ্য, বিতর্কিত ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় তোলা। ছবিতে থাকা নারী তিনি নন, অভিনেত্রী সাবরিনা। তার দাবি, সালমান শাহ দুষ্টুমি করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন এবং সে সময় তিনি সালমানের পায়ের নিচের টুলটি ধরে ছিলেন।
তিনি আরও জানান, ডনের সঙ্গে তার আরেকটি ছবি ছিল, যেখানে তিনি ম্যাগাজিন পড়ছিলেন এবং সালমান ছবি তুলছিলেন। ডন তখন ছবি তোলার জন্য হাত বাড়িয়ে দেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো সম্পাদিত বলে দাবি করেন সামিরা।
বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলেন বলে জানান সামিরা। তার ভাষ্য অনুযায়ী, তিনি একাধিকবার গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং তদন্তের প্রয়োজনে তাদের সহযোগিতা করেছেন।
এদিকে সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই অভিনেতা। তার পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময় সামিরাসহ একাধিক ব্যক্তিকে ঘিরে নানা অভিযোগ ও সন্দেহের কথা সামনে এসেছে।
তবে ডনের সঙ্গে আলোচিত ছবিটি নিয়ে সামিরা ও মোস্তাক ওয়াইজের বক্তব্য ছিল—ছবিতে থাকা নারী সামিরা নন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি সম্পাদিত।
১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা হক। মাত্র কয়েক বছরের দাম্পত্য জীবনের পর সালমানের আকস্মিক মৃত্যু তাদের জীবনে নেমে আসে গভীর শোক। এরপর থেকেই সামিরাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়, যার রেশ এখনও রয়েছে।

