
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ও ব্যবসায়ী প্রযোজক এবং পরিচালক রকি জয়সওয়াল
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ও ব্যবসায়ী, প্রযোজক এবং পরিচালক রকি জয়সওয়াল দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালের জুনে বিয়ে করেন। তাদের সম্পর্কের শুরু হয়েছিল স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। প্রায় ১৩-১৪ বছর প্রেমের পর ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
বিয়ের পর থেকেই তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘পতি, পত্নী অউর পঙ্গা’ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়ার পর অনেকে দাবি করেছিলেন, অনুষ্ঠানটির প্রচারের স্বার্থেই নাকি তারা বিয়ে করেছেন। সম্প্রতি নিজের পডকাস্টে সেই জল্পনার জবাব দিয়েছেন হিনা ও রকি।
হিনা জানান, তাদের বিয়ের সঙ্গে কোনো ধরনের প্রচার কৌশলের সম্পর্ক ছিল না। বিয়ের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল এবং দিনক্ষণও আগে থেকে ঠিক ছিল। এমনকি ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে বিয়ে হওয়ায় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও ছিল না।
তবে বিয়ের আগে জীবনের অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন হিনা। স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি রকির মায়ের অসুস্থতাও তাদের জীবনে বড় প্রভাব ফেলেছিল। সেই পরিস্থিতিতে রকির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে তাকে অন্য কাউকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন হিনা।
হিনা বলেন, ‘আমি ওকে বলেছিলাম—তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। সবকিছু আর আগের মতো থাকবে না।’
কেন এমন কথা বলেছিলেন—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, তিনি চেয়েছিলেন রকি নিজের সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিক। হিনার ভাষায়, তিনি রকিকে এতটাই ভালোবাসেন যে, তার সুখ নিজের সঙ্গে থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
তবে হিনা যখন কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন রকি তার পাশ থেকে সরে যাননি। বরং প্রতিটি কঠিন পরিস্থিতিতে তিনি হিনাকে সাহস ও সহযোগিতা দিয়েছেন।
হিনা বলেন, ‘রকি ছাড়া আমার পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। ও সবকিছু সহজ করে দিয়েছিল।’
উল্লেখ্য, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে অক্ষরা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হিনা খান। অভিনয়ের জন্য ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। ২০১৭ সালে ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এই অভিনেত্রী।

