
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। পর্দায় তাদের দুর্দান্ত রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনেও তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না, তা নিয়ে আলোচনা হয়েছে বহুবার। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলের সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং সালমান তাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতেন।
নীলা চৌধুরীর ভাষ্য, শাবনূর সালমানের ওপর অনেকটা নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতোই দেখতেন। তবে শাবনূরকে ঘিরে কিছু অভিযোগও করেছেন তিনি। তার দাবি, কখনো কখনো শাবনূর সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে।
অন্যদিকে শাবনূর বরাবরই সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার দাবি, সালমানকে কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতো সম্মান করতেন। তার মতে, কিছু মানুষ ও গণমাধ্যম তাদের বন্ধুত্বকে ঘিরে মুখরোচক গল্প তৈরি করেছে।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সিনেমাটি মুক্তির পর দ্রুত জনপ্রিয়তা পায় সালমান–শাবনূর জুটি।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি সিনেমায় তাদের জুটি দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা পায়।
শাবনূর বিভিন্ন সময়ে সালমানের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে জানিয়েছেন, শুটিং করতে গিয়েই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। তার ভাষ্য, সালমান ছিলেন অত্যন্ত আন্তরিক ও কাজপাগল মানুষ। সহশিল্পীদের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল।
শুধু সালমানের সঙ্গেই নয়, তার স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। শুটিংয়ের সময় সামিরা প্রায়ই তাদের সঙ্গে থাকতেন। দুই পরিবারের সদস্যদের মধ্যে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া ও আড্ডার মধ্য দিয়ে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল বলেও জানান তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান সালমান শাহ। তার মৃত্যুর প্রায় তিন দশক পরও তার জীবন, মৃত্যু ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। এরই মধ্যে সালমান–শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রয়াত এই অভিনেতার মা নীলা চৌধুরী।

