
যে রাজনীতির মোটিভটাই খারাপ তাদের পক্ষে বিপক্ষে বলার মানে হলো সময় নষ্ট। তারপরও দু একটি বিষয়ে লিখতে হয় যখন কিছু প্রিয় মানুষের মুখে বিভ্রান্তিকর বা উদ্দেশ্যহীন কথা শুনতে পাই। আমাদের সময়ের জনপ্রিয় ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না ভাই কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যে কথাগুলো বলেছিলেন তার সেই কথার সাথে আজকের পত্রিকায় প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলোর হুবহ মিল খুঁজে পেয়ে দু কথা লিখতে বসলাম। দুজনের কথার বাক্যগুলো কিন্তু বিপরীতমুখী। একজন পজিটিভলি বলেছেন অপরজন সরাসরি নেগেটিভ কিন্তু রেজাল্ট একই।
মান্না ভাই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনার সামনে সুযোগ আছে মাহথির মোহাম্মদ হবার, কামাল আতাতুর্ক হবার, আমি চাই এই সরকার ভাল করুক” ইত্যাদি। পাঠক খেয়াল করবেন, মান্না ভাইয়ের কথার মানে হলো, বিগত পাঁচ মাসের ফল হলো এখনো ভাল করছে না, তবে তিনি চান সরকার ভাল করুক, মাহথির মোহাম্মদের মত!
আজ মির্জা ফখরুল সাহেব বলেছেন, “আমার এই পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা হলো কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত তারা ঘুষ খাবার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা ভাল কাজকে আটকে দিত, তারা আটকে দিচ্ছে…”, ইত্যাদি।
মান্না ভাই ও মির্জা ফখরুল কি জানেন না যে, পরিবর্তনের জন্যে এ্যাকশন প্রয়োজন? “If you want change, you must take action” এই কথাগুলো কি উনারা জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে আমরা যদি প্রশ্ন করি পরিবর্তনের জন্যে কী এ্যাকশন উনারা নিয়েছেন এখন পর্যন্ত?
বিগত পঞ্চাশ বছরে যেসব জন্জালের কারণে পরিবর্তন হয় নি তার সবই অক্ষুণ্ন রেখে আপনি পরিবর্তনের ললিপপ দেখালে কি কাজ হবে?
মির্জা ফখরুলের কথাই যদি রেফারেন্স হিসেবে ধরি, ঘুষ বন্ধ না হবার জন্যে, ভাল কাজ আটকে দেয়ার পুরনো রেওয়াজ বন্ধ করতে দরকার জবাবদিহিতা, দায়বদ্ধতা, আইনের নিরপেক্ষ প্রয়োগ তথা সকল নাগরিকের জন্যে সুশাসন, দল দেখে আইন প্রয়োগ নয়, এসব করতে দরকার ছিল সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা। আপনারা কি তা করেছেন? সামান্যতম একটা উদ্যোগ নিয়েছেন? নেন নি। তাহলে কিভাবে মান্না ভাই বা এলজিআরডি মন্ত্রীর স্বপ্ন পূরণ হবে?
আপনারা নিজেরাই বিগত দিনে বলেছেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার। সেটা না করে যদি সেপ্টেম্বরের মধ্যে নুতন প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয়, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০৩১ সালের আগে আর কখনো প্রেসিডেন্ট বদলাতে পারবেন?
অর্থাৎ সবই মুলত কথার কথা। রাজনীতি মানেই মিথ্যার বেসাতী, নিকৃষ্টতম একটা বিষয় এবং পৃথিবীর সকল সমস্যার মাদার। কোন সন্দেহ?

