
পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন অভিযোগ করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওর সঙ্গে তার পুরোনো ছবি যুক্ত করে পরিকল্পিতভাবে অপপ্রচার ও চরিত্রহনন করা হচ্ছে।
শুক্রবার পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলিন বলেন, কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচির সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি এখন ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তার দাবি, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন এবং তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
এলিন জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। উপস্থাপনার কাজের সূত্রে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ছবি রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাকে ভিন্ন ধর্মের পরিচয়ে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানির চেষ্টা করা হচ্ছে, যার ফলে তিনি মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভাইরাল ভিডিও সম্পর্কে তিনি বলেন, এর সত্যতা নিয়ে তার সন্দেহ রয়েছে। তার ধারণা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিও হতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
সংবাদ সম্মেলনে এলিন অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তার সম্মানহানির বিচার দাবি করেন।

