
জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, ‘জুলাই ব্যবসা’ ও ‘হাদি ব্যবসা’ চালু রাখতে হবে। তিনি দাবি করেন, বিএনপি যদি ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ নিয়েও আপত্তির সুযোগ নেই।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. মাহমুদা মিতু বলেন, ‘জুলাই নিয়ে ব্যবসা’ মন্তব্যের মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তার ভাষ্য, তারা যেটিকে ‘ব্যবসা’ বলে, সেটি তাদের কাছে শহীদদের প্রতি দায়িত্ব, ভালোবাসা ও মমতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মোদিবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিও ধরে রাখতে হবে এবং তাদের আত্মত্যাগ নিয়ে জনসচেতনতা অব্যাহত রাখা প্রয়োজন।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা নিয়ে এনসিপি ও ১১-দলীয় জোট কথা বললেও সরকার এ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। একই সঙ্গে তিনি রাষ্ট্র ও সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার, গুম কমিশনের কার্যক্রম, বেকারদের কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলে মাহমুদা মিতু বলেন, ছবি বিকৃত করা বা কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে তাদের দমিয়ে রাখা যাবে না।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ, জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মুজিবসহ অন্যান্য নেতারা।

