
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা স্পায়ারের চূড়ায় উঠে বিশ্বশান্তির বার্তা প্রদর্শন এবং প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর গ্রেপ্তার হয়েছেন রাশিয়ার দুই দুঃসাহসিক অভিযাত্রী।
স্থানীয় সময় বুধবার অ্যাঞ্জেলা নিকোলাউ ও ভানিয়া বিয়ারকুস নামের ওই যুগল প্রায় ১ হাজার ৪৫৪ ফুট উচ্চতায় উঠে কালো ব্যানারে লেখা একটি শান্তির বার্তা প্রদর্শন করেন। পরে স্পায়ারের নিচের একটি প্ল্যাটফর্মে ভানিয়া এক হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মতি জানানোর পর তারা আলিঙ্গন ও চুম্বন করেন। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণ করা হয়।
ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ ভবনটির আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই যুগলকে হেফাজতে নেয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা, অপরাধমূলক ক্ষতিসাধন, স্থাপনায় অবৈধ হস্তক্ষেপ এবং বিশৃঙ্খল আচরণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
কীভাবে তারা অ্যান্টেনা স্পায়ারে প্রবেশ করতে সক্ষম হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ ঘটনাটিকে “অননুমোদিত” বলে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানায়, নিরাপদ পরিবেশে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ভবনটিতে বিশেষ প্রপোজাল প্যাকেজের ব্যবস্থাও রয়েছে।
উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ উচ্চ ভবনে অভিযানের জন্য পরিচিত এই রুশ যুগলকে নিয়ে ২০২৪ সালে Skywalkers: A Love Story নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছিল। ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু থাকলেও এ ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

