
বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে ফুটবলপ্রেমীরা চেনেন আর্জেন্টিনার সমর্থক হিসেবেই। তবে এবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন এক সাকিবকে। নেইমারের স্বাক্ষর করা ব্রাজিলের জার্সি পরে ব্রাজিল-মরক্কো ম্যাচ উপভোগ করতে হাজির হন তিনি।
কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে এক আড্ডায় সাকিব জানিয়েছিলেন, ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে মাঠে যাবেন। সে সময় মজা করে বলেছিলেন, আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি গায়ে থাকবে। শেষ পর্যন্ত কথার বরখেলাপ করেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব জানান, ব্রাজিলের জার্সি পরলেও তাঁর মন ছিল মরক্কোর পক্ষেই।
“ভালোই লেগেছে। মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলাম,”—হাসিমুখে বলেন তিনি।
ব্রাজিলের জার্সিটি ছিল আরও বিশেষ। কারণ সেটিতে ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের স্বাক্ষর। জার্সিটি পাওয়ার গল্পও শোনান সাকিব। তিনি জানান, তাঁর পরিচিত রবিন মিয়া তাঁকে জার্সিটি উপহার দিয়েছেন।
সাকিব বলেন, “রবিন ভাই দিয়েছেন নেইমারের স্বাক্ষর করা জার্সি। তিনি দিয়েছেন বলেই পরেছি। তা না হলে পরা হতো না। তবে মরক্কো ভালো খেলেছে।”
ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। মাঠে ব্রাজিলের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মরক্কোর লড়াকু পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।
খেলার বিশ্লেষণ জানতে চাইলে অবশ্য নিজেকে ফুটবল বিশেষজ্ঞ বলতে নারাজ সাকিব। তাঁর সোজাসাপ্টা উত্তর, “আমি বিশেষজ্ঞ না। খেলা দেখতে এসেছি, ভালো লেগেছে।”
দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের মালিক সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। ক্রিকেটের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থেকে তিনি উপভোগ করছেন বিশ্ব ফুটবলের আবহ। আর নেইমারের স্বাক্ষরিত জার্সি পরে ব্রাজিলের ম্যাচে উপস্থিত হয়ে সমর্থকদের মধ্যে তৈরি করেছেন নতুন আলোচনার খোরাক।
জার্সি ছিল ব্রাজিলের, কিন্তু সমর্থন ছিল মরক্কোর—সাকিবের এই ব্যতিক্রমী উপস্থিতি তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

