
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান (২২)-কে তার মা ও ভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নেত্রকোণার আটপাড়া থানায় দায়ের করা একটি মামলার ওয়ারেন্ট থাকায় এই গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়া এলাকা থেকে প্রিয়া খান, তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নেত্রকোণার আটপাড়া থানার একটি নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পরবর্তীতে ওই থানার পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি আরও জানান, প্রিয়া খান ও তার পরিবারের বিরুদ্ধে আশুলিয়া থানায় কোনো মামলা নেই। আটপাড়া থানার মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

