
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশ হাউজিং-১-এ এক পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। তাঁদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।
সোমবার গভীর রাতে চালানো এ অভিযানে মদ, গাঁজা, ইয়াবা, কনডম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের তিনতলা বাড়িটি অনলাইন ভাড়া দেওয়ার মাধ্যম এয়ারবিএনবির মাধ্যমে অতিথিদের কাছে ভাড়া দেওয়া হতো। বাড়িটি দেখভালের জন্য মাহবুব আলম নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
ডিবি সূত্রের দাবি, জন্মদিনের অনুষ্ঠান ও ডিজে পার্টির নামে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলত। বাড়িটিতে মোট পাঁচটি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষ একসঙ্গে কয়েকজন ভাড়া নিতে পারতেন। অতিরিক্ত ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নিবন্ধন ফি নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।
ডিবির তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে পরদিন সকাল ৮টা বা ১১টা পর্যন্ত এসব অনুষ্ঠান চলত। মাসে ১৮ থেকে ২০টি অনুষ্ঠান আয়োজন করা হতো। প্রতিটি অনুষ্ঠানের জন্য প্রায় এক লাখ টাকা ভাড়া নেওয়া হতো বলে দাবি পুলিশের।
ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির যুগান্তরকে বলেন, বাড়িটিতে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নারী-পুরুষসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ আল জহির যুগান্তরকে বলেন, তিনি অনলাইনে বাড়িটি ভাড়া দিতেন এবং ভাড়াটিয়াদের জন্য কিছু কঠোর নিয়মও ছিল। সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকলে এর দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
তবে তাঁর দাবি, অসৎ উদ্দেশ্যে তিনি বাড়িটি ভাড়া দেননি। এবার জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়াটিয়ারা সেখানে মদ আনবেন বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন, তা তিনি জানতেন না।
ঘটনাটি ঘিরে বাড়িটির ব্যবস্থাপনা, ভাড়াটিয়াদের যাচাই এবং দীর্ঘদিন ধরে সেখানে এমন কর্মকাণ্ড চলার অভিযোগের বিষয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

