
প্রখর রোদ উঠেছে। ঘর থেকে বাইরে তাকালে মনে হয় কি দারুন সুন্দর একটি দিন। চারপাশে সাদা তুষারের আবরণ অদ্ভুত শুভ্রতার পোশাক পরে আছে।
অথচ বইছে কনকনে ঠান্ডা হাওয়া। ঘরের বাইরে বেরোলে শরীরের খোলা অংশে সূঁচের মতন বিঁধছে হাওয়া। শরীরের খোলা অংশ বলতে শুধু মুখ সেখানে বাতাসের তীব্র আক্রমণ যেন কামড়ে খেয়ে ফেলবে চামড়া।
তুমুল ঠান্ডা। ডাবল ডিজিট মাইনাসের ঘরে উত্তাপের পারা গত দু সপ্তাহ ধরে, উঠানামা করছে। মাইনাস বারো থেকে বাইশ বেশির ভাগ সময়। তবে মাইনাস তিরিশেও নেমে যাচ্ছে কোন কোন দিন।
আর যখন বাতাস বয় তখন তো সব সময়ই সাত আট ডিগ্রি বেশি অনুভূত হয়।
এমন তীব্র শীত আনেক বছর অনুভব করিনি। এক দুই দিনের জন্য বিশের ঘরে নামে। কিন্তু এবার টানা চলছে তো চলছেই ঠান্ডার ধকল। না ধকল না। বলা যায় শীতকালের শীত অনুভব করছি। আজ প্রথম আমি পাঁচ ছয় লেয়ার কাপড় পড়েছি যা এযাবৎকাল কখনো পরিনি। নিমিষের মধ্যে হাতের আঙ্গুল অসাড় হয়ে যাচ্ছে। এতটাই তীব্র শীত এই রোদের আলোর মধ্যে ছড়িয়ে আছে।

