
কানাডার মিসিসোগা শহরে এক ঠিকাদারের ভুলে একটি বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলার ঘটনায় দীর্ঘ সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হয়েছে। বাড়ির মালিক, সংশ্লিষ্ট ঠিকাদার ও বিমা কোম্পানির মধ্যে মামলাটি সম্প্রতি মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। একাধিক পক্ষ শুক্রবার সিটিভি নিউজের কাছে এই মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছে।
মীমাংসার আগে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে বাড়ির মালিক অ্যাঞ্জেলো রাইটসিনিস পুরো ঘটনাকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে উল্লেখ করেন। তিনি জানান, প্রায় দশ বছর আগে তিনি মিসিসোগার থিওডর ড্রাইভ এলাকায় বাড়িটি কিনেছিলেন। যদিও বাড়িটি ভাঙার সময় তিনি ও তাঁর পরিবার সেখানে বসবাস করছিলেন না, তবুও সেখানে পুনর্নির্মাণের পরিকল্পনা ছিল তাঁর।
রাইটসিনিস বলেন, বাড়িটি ভাঙার অনুমোদন পাওয়ার ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। “আমি আমার পরিবারকে নিয়ে এখানে বসবাস করার পরিকল্পনা করেছিলাম। তখন আমার ছোট ছোট সন্তান ছিল। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়নি,” আক্ষেপের সুরে বলেন তিনি।
ঘটনাটি ঘটে ২০১৮ সালে। ঠিকাদার কর্তৃপক্ষ মিসিসোগার ২৫ থিওডর ড্রাইভের একটি বাড়ি ভাঙার কাজ করতে আসে। কিন্তু মারাত্মক ভুলবশত তারা পাশের ২৮ থিওডর ড্রাইভের রাইটসিনিসের বাড়িটিই আংশিকভাবে গুড়িয়ে দেয়। তাঁর দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাড়িটি তখন এমন অবস্থায় পৌঁছে যায়, যা আর মেরামতের উপযোগী ছিল না।
এই ঘটনার পর রাইটসিনিস ঠিকাদারের বিরুদ্ধে ১৫ লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন। তিনি নিজে ধারণ করা একটি ভিডিওতে বাড়িটির ধ্বংসাবশেষের চিত্র তুলে ধরেন। ভিডিওতে দেখা যায়, বাড়িটির এক পাশ সম্পূর্ণ ধসে পড়েছে, আর অন্য পাশটি কোনোভাবে দাঁড়িয়ে আছে।
সিটিভি নিউজ ঠিকাদারি ব্যবসা পরিচালনাকারী পরিবারটির একজন সদস্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভুলের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, একজন কর্মী ভুল করে ওই বাড়ির ওপর এক্সকাভেটর চালিয়ে দেন। তাঁর ভাষায়, ভুলটি বোঝা যায় কারণ উভয় বাড়িই তখন ভাঙার জন্য প্রস্তুত অবস্থায় ছিল এবং পরিষেবা সংযোগও বিচ্ছিন্ন ছিল।
এরপর শুরু হয় বিমা দাবিকে কেন্দ্র করে দীর্ঘ আইনি বিতর্ক। বাড়িটির অবস্থা বিবেচনায় ক্ষতিপূরণ কীভাবে নির্ধারণ করা হবে পূর্ণাঙ্গ একটি বাড়ির জন্য বেশি অর্থ নাকি আংশিক ক্ষতির জন্য কম অর্থ এই প্রশ্নে মূলত বিরোধ তৈরি হয়।
ঠিকাদারের বিমা কোম্পানি ইন্ট্যাক্ট শুক্রবার সকালে সিটিভি নিউজকে জানায়, “আমাদের টিম নিয়মিত আলোচনার মধ্যে রয়েছে এবং একটি যুক্তিসংগত সমাধানে পৌঁছাতে আমরা একাধিক উদ্যোগ নিয়েছি।”
এই মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল আসন্ন সোমবার। তবে তার আগেই শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে সব পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। এর মধ্য দিয়ে মিসিসোগার এই আলোচিত ঘটনায় দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল।

