শিশুদের যৌন বার্তা পাঠানো এক ব্যক্তিকে খুঁজছে টরন্টো পুলিশ

শিশুদের যৌন বার্তা পাঠানো এক ব্যক্তিকে খুঁজছে টরন্টো পুলিশ - the Bengali Times
টরন্টোর ইস্ট এন্ড এলাকার একটি পার্কে শিশুদের লক্ষ্য করে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তাসংবলিত কাগজ বিতরণের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করতে আবারও জনগণের সহায়তা চেয়েছে টরন্টো পুলিশ

টরন্টোর ইস্ট-এন্ড এলাকার একটি পার্কে শিশুদের লক্ষ্য করে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তাসংবলিত কাগজ বিতরণের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করতে আবারও জনগণের সহায়তা চেয়েছে টরন্টো পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর বিকেলে ডানফোর্থ ও লোগান এভিনিউয়ের কাছে রিভারডেল নেবারহুডের উইথ্রো পার্কে একটি সন্দেহজনক ঘটনার খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয়। স্থানীয় কয়েকজন শিশু ওই ব্যক্তির কাছ থেকে বেঠিক ও যৌন বার্তা সংবলিত কাগজ পাওয়ার পর বিষয়টি তাদের বাবা-মায়েদের জানায়। পরে অভিভাবকরাই পুলিশকে ফোন করেন।

- Advertisement -

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে টরন্টো পুলিশ ২৪ ডিসেম্বর একটি জননিরাপত্তা সতর্কতা জারি করে। একই সঙ্গে ওই ঘটনার পর থেকে উইথ্রো পার্ক ও আশপাশের এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে, যাতে এলাকাবাসী বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তদন্তকারীরা জানান, ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তি এলাকা ছেড়ে চলে যায় এবং এখনো পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, ওই ব্যক্তির উচ্চতা আনুমানিক ছয় ফুট, বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তার শরীরের গড়ন হালকা-পাতলা এবং মুখে বাদামি রঙের দাড়ি রয়েছে। সর্বশেষ তাকে কালো রঙের হুডযুক্ত জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা গেছে। তার সঙ্গে একটি কালো ও ধূসর রঙের ক্রসবডি ব্যাগ ছিল।

টরন্টো পুলিশের কনস্টেবল সিন্ডি চাঙ্গ বলেন, “আমাদের বিশ্বাস, কমিউনিটির কেউ না কেউ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হবেন। আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।”

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এলাকার এক বাসিন্দা বলেন, “নিশ্চিতভাবেই ঘটনাটি খুব অস্বস্তিকর এবং একেবারেই অপ্রত্যাশিত। এটা খুবই বিরক্তিকর এবং দুঃখজনক।”

আরেকজন নারী বেঙ্গলি টাইমসকে জানান, তিনি পুরো ঘটনাটির ওপর নজর রাখছেন এবং নিয়মিত হালনাগাদ তথ্য সংগ্রহ করছেন। তার মতে, শিশুদের নিরাপত্তার প্রশ্নে সবাইকে আরও সতর্ক হতে হবে।

অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “পুলিশের দেওয়া বর্ণনার সঙ্গে যদি কারও চেহারা মিলে যায়, তাহলে পুলিশকে জানাতে আমার কোনো দ্বিধা থাকবে না। বিষয়টি সত্যিই ভয়ঙ্কর। এটা খুব চাপের, আর আমি নিশ্চিত শিশুরাও মানসিকভাবে খুব চাপের মধ্যে রয়েছে।”

টরন্টো পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বা ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে। পুলিশ আশা করছে, জনসাধারণের সহযোগিতার মাধ্যমেই দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles