
গোয়ালন্দ নাজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আমি ১৯৭৩ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং ১৯৭৪ সালে সপ্তম শ্রেণী শেষ করে কৃতিত্বের সাথে ১৯৭৫ সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হই। যতদুর মনে পড়ে বার্ষিক পরীক্ষার ফলাফলে আমি, রশীদ ও শুকুর আলী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিলাম। সম্ভবত একবার আমি প্রথম ও রশীদ দ্বিতীয় ও অন্য বছরে রশীদ প্রথম ও আমি দ্বিতীয় হয়েছিলাম। তারপর ১৯৭৫ সালে ফরিদপুর জিলা স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৭৮ সালে এসএসসিতে অংকে লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হই। এসএসসি পরীক্ষায় আমার আরো অনেক ভাল করার কথা ছিল কিন্তু দশম শ্রেণীর শেষের দিকে জিলা স্কুলে একজন জুনিয়র বন্ধুকে হেল্প করতে গিয়ে এবং হোষ্টেলের সুপারের সাথে কিছু বদ বন্ধুদের পাল্লায় পড়ে ঝামেলা হওয়ায় হোষ্টেল থেকে আমাদের কয়েকজনকে এক্সপেল করা হয়। ফলে জিলা স্কুলের তখনকার বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষক ফজল স্যারের কমলাপুরের বাসায় থেকে এসএসসি পরীক্ষা দিতে হয়। কথাগুলো উল্লেখ করলাম এই কারণে যে সারা বছর ভাল পড়াশোনা করেও সামান্য ভুলের কারণে ছাত্রদের সারা জীবনের জন্যে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। অতএব নিজের ভাল নিজেকে বুঝতে হবে সবার অগে, অন্যকে হেল্প করতে গিয়ে নিজের ক্ষতি করা হলে অনেক সময় চরম মুল্য দিতে হয় যা শুধু নিজের নয়, নিজের পরিবারের স্বপ্নও ভেঙে যেতে পারে।
যাইহোক সেই স্মৃতিময় ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি আগামী ২৫ ও ২৬শে ডিসেম্বর, দুরে থাকলে আফসোস করতাম, কিন্তু কাছে থেকেও যোগ দিচ্ছি না শুধুমাত্র পরিচালনা কমিটির একটা সিদ্ধান্তের সাথে নীতিগতভাবে একমত হতে না পারার কারণে। স্হানীয় সবার জন্যে তিন হাজার টাকা রেজিস্ট্রেশন ফি আর প্রবাসীদের জন্যে ইউএস একশত ডলার অর্থাৎ তের/চৌদ্দ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি, এটা আমি মনে করি সঠিক কাজ হয় নি। হয়তো তাদের জন্যে পাঁচ হাজার করতে পারতো এবং যার যার সামর্থ্য অনুযায়ী ডোনেশন চাইতে পারতো, তা না করে প্রবাসী হলেই একশত ইউএস ডলার মেনে নিতে পারলাম না। অতএব ইচ্ছে থাকা সত্ত্বেও সেখানে যাচ্ছি না।
একই সাথে অর্থাৎ ২৫শে ডিসেম্বর গোয়ালন্দ নাজির উদ্দিন হাইস্কুলের আশি বছর পুর্তি অনুষ্ঠান। সেখানে বারশত টাকা রেজিস্ট্রেশন ফি। সে বিষয়ে আমার সহপাঠী ও সুহৃদ কিছু বন্ধু, জুনিয়র ও সিনিয়র ভাইদের নিয়ে কয়েকদিন আগে আমাদের বাসায় বসে আমরা রেজিস্ট্রেশন করলাম। আশা করি দেখা হবে ছোট বেলার অনেক বন্ধুদের সাথে। অনেক শিক্ষক, অনেক সহপাঠী ইতিমধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কেউ কেউ খুবই অসুস্থ। দুনিয়াটা খুবই অল্প দিনের। কেউই থাকবো না আমরা, থেকে যাবে শুধুই স্মৃতি! যেতে পারি আর না পারি, ফরিদপুর জিলা স্কুল ও গোয়ালন্দ নাজির উদ্দিন হাইস্কুলের অনুষ্ঠান দুটোর সফলতা কামনা করছি।

