‘অন‍্য মেয়ে হলে সুইসাইড করতো’ রাজ রিপার বিস্ফোরক স্ট্যাটাস

‘অন‍্য মেয়ে হলে সুইসাইড করতো’ রাজ রিপার বিস্ফোরক স্ট্যাটাস - the Bengali Times
চিত্রনায়িকা রাজ রিপা

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা হঠাৎ করেই মিডিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অভিনীত সিনেমার সংখ্যা হাতে গোনা হলেও, গ্ল্যামার, হাসি আর ফ্যাশনেবল লুকে তিনি অল্প সময়ে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছিলেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ময়না’ সিনেমার পর তিনি নিজের আরেকটি সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে এক দীর্ঘ স্ট্যাটাস দেন রিপা। সেখানে তিনি জানান, শোবিজ দুনিয়ার ক্যারিয়ারে বারবারই ঠকেছেন অভিনেত্রী। নায়িকা হওয়ার স্বপ্নে সময়, টাকা নষ্ট করেছেন। এরজন্য পরিচালক ইফতেখার চৌধুরীকে দায়ী করেছেন। অভিনেত্রীর অভিযোগ, টাকা নিয়ে তিনি বেইমানি করেছেন। এখন আবার ‘মুক্তি’ সিনেমার হার্ডডিস্ক মুছে ফেলার হুমকি দিচ্ছেন।

- Advertisement -

অভিনেত্রী আরও জানান, তিনি ডিপ্রেশনের চরম পর্যায়ে রয়েছেন। তার জায়গায় অনেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতেন। তিনি তা করেননি। বরং সমস্যা থেকে মনে জোরে নিজেকে বারবারই টেনে তুলেছেন। সবশেষে শোবিজ দুনিয়ায় নিজের স্বপ্নকে মাটি চাপা দেয়ার কথা জানান এ চিত্রনায়িকা।

পাঠকের জন্য অভিনেত্রী রাজরিপার ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-

খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাবো, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন‍্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারো সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম।

কারো কাছে এক টাকা দেনা নাই কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেগার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন। ৪ টা বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন‍্য। আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবতো না।

বার বার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে। আর কত অপেক্ষা করবো আর কতো ধৈর্য্য ধরতে হবে আমার। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন‍্য সিনেমার স্পন্সরের জন‍্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন‍্য কিছুই করলেন না। তবুও কি করতে পারলেন তিনি? ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা নেই। তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটা তাও আমার এনে দেওয়া। দুঃখ শুধু একটাই, তার খারাপ সময় পাশে এসে দাঁড়িয়ে ছিলাম আর তিনি আমার সুন্দর সময় গুলোর ১২টা বাজিয়ে দিলন।

শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজে তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত‍্যিই মিটে গেছে। পরিচালককে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি!

কী করবো? কার কাছে বিচার চাইবো। মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাই না! আল্লাহর কাছে বেইমানির জবাব তুলে রাইখেন। ভাগ‍্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত‍্যিই চলে যাবো। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত‍্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন‍্য না।

সবাই বলে, কেন আমার তেমন কোনো কাজ নেই? আসলে আমি এই ‘মুক্তি’ সিনেমার অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। যার কারণে চারটা বছর আমি অপেক্ষায় ছিলাম আমার সিনেমাটা মুক্তির। যাইহোক, আমার অনেক রাগ আর এর জন‍্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাপ করে দিয়েন।

নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে!

 

- Advertisement -

Related Articles

Latest Articles