১৮ তলা থেকে পড়েও বেঁচে রইল ৩ বছরের শিশু

১৮ তলা থেকে পড়েও বেঁচে রইল ৩ বছরের শিশু - the Bengali Times
ছবি সংগৃহীত

১৮ তলা ভবন থেকে নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে তিন বছরের এক শিশু। এ ঘটনা ঘটেছে চীনের হাংজু শহরে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই শিশুটিকে তার দাদা-দাদির তত্ত্বাবধানে রেখে যাওয়া হয়েছিল। শিশুটি ঘুমিয়ে পড়ার পর তারা অল্প সময়ের জন্য ফ্ল্যাটে তালা দিয়ে বাজারে যান। কিন্তু শিশুটি জেগে ওঠে বাথরুমে যায়। সেখানেই সে টয়লেটের ওপর উঠে নিরাপত্তা বেষ্টনি ছাড়া একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায়।

- Advertisement -

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শিশুটি প্রথমে একটি গাছের ওপর পড়ে। এতে করে সে অলৌকিকভাবে বেঁচে যায়। এক প্রতিবেশী শিশুটিকে নিচে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে তা কর্তৃপক্ষে জানায়। পরে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি জানালার পাশ দিয়ে পড়ে একটি গাছের ডালে আটকে যায় এবং এরপর মাটির ওপর একটি ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়ে । সরাসরি কংক্রিটে না পড়ায় তার প্রাণ বেঁচে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, ১৮ তলা থেকে পড়ার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার বেঁচে যাওয়াকে একটি অলৌকিক ঘটনা বলে অভিহিত করেন। ১৮ তলা থেকে পড়ার পর শিশুটির বাঁ হাত ভেঙে গেছে, মেরুদণ্ডেও আঘাত পেয়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে তার মাথায় কোনো আঘাত লাগেনি।

চিকিৎসা চলাকালেই শিশুটি চিকিৎসকদের অনুরোধ করে বলে, যেন তাকে একটি খেলনা কিনে দেওয়া হয়।

ঘটনার পরে, কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে শিশুটির বাবা সেই গাছের ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন। এটি চীনে সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত।

- Advertisement -

Related Articles

Latest Articles