
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে সম্প্রতি ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা—এক ব্যক্তির শেষকৃত্যে আকাশ থেকে ডলার ও গোলাপের পাঁপড়ি ছিটানো হয়েছে। ৫৮ বছর বয়সী দারেল “প্ল্যান্ট” থমাস তার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী, নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় আকাশ থেকে নগদ অর্থ ছড়িয়ে দেওয়ার নির্দেশ রেখে গিয়েছিলেন। তার শেষকৃত্যের দিন তার দুই ছেলে ডেরেল ও জোনটে হেলিকপ্টারের মাধ্যমে এই অর্থ ও ফুলের পাপড়ি ছিটিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কোনার সড়কের পাশের গ্রেটিয়ট এভিনিউতে পথচারীদের ওপর হাজার হাজার ডলার ও গোলাপের পাপড়ি ছড়িয়ে পড়তে দেখা যায়। স্থানীয় সময় ২৭ জুন দুপুর ১টায় আনুমানিক পাঁচ হাজার মার্কিন ডলার (প্রায় ছয় লাখ ১৩ হাজার টাকা) ছড়ানো হয়। ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “লোকটি ‘বৃষ্টিপাত করো’ উক্তিটিকে বাস্তবে পরিণত করল।
” আরেকজন লিখেছেন, ‘কমিউনিটিকে উপহার দেওয়ার কী দারুণ উপায়। আশা করি, মানুষ তাকে মনে রাখবে।’ অন্য আরেকজন বলেন, ‘এটা খুবই মর্মস্পর্শী। তার শেষ মুহূর্তগুলোতেও তিনি তার চারপাশের লোকদের সাহায্য করতে চেয়েছিলেন।
এ ধরনের গল্পগুলো আপনাকে মনে করিয়ে দেবে, প্রকৃত দানশীলতা কেমন হয়।’
ডেরেলের ভাতিজি বলেছেন, ‘তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। এটি তার কমিউনিটির প্রতি ভালোবাসার সর্বশেষ বহিঃপ্রকাশ। গতকাল মূলত ছিল পূর্ব এলাকার এই মহান ব্যক্তির বিদায় শ্রদ্ধাঞ্জলি।’
হঠাৎ আকাশ থেকে টাকা পড়তে দেখে আশপাশের মানুষজন রাস্তায় দাঁড়িয়ে পড়েন, গাড়ি থামিয়ে ছুটে যান ডলার কুড়াতে। ছয় লেনের রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী আনায়া টোনি জানান, “আমি কাজ শুরু করার ঠিক আগে দেখলাম আকাশ থেকে ডলার পড়ছে। সবাই রাস্তায় নেমে পড়েছে, এটা ছিল পাগলাটে এক দৃশ্য!”
ঘটনাস্থলে থাকা অন্য এক প্রত্যক্ষদর্শী লিসা নাইফ জানান, ডলার পড়ার সময় পুলিশের উপস্থিতি ছিল না, এবং তারা জানতও না যে টাকা ছিটানো হবে। তবে গোলাপের পাঁপড়ির বিষয়ে পূর্বেই পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, এ নিয়ে কাউকে অভিযুক্ত করা হবে না, তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করেছে।

