
১৪ জন কর্মীর প্রাপ্য বেতন বাবদ ১ লাখ ৮৫ হাজার ডলার পরিশোধে ব্যর্থ হওয়ায় টরন্টোর একটি বেসরকারি কলেজ ও এর পরিচালক বড় অংকের জরিমানার মুখে পড়েছেন। ২৮ মের কোর্ট বুলেটিনে অন্টারিওর শ্রম, অভিবাসন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করেছে এবং সেটি হচ্ছে টরন্টোর ১৬ ওয়েলেবোর্ন ক্রেসে অবস্থিত অন্টারিও ইন্টারন্যাশনাল কলেজ ইনকর্পোরেশন/কলেজ ইন্টারন্যাশনাল ডি লা’অন্টারিও ইনকর্পোরেশন। কর্পোরেশনের পরিচালক আনচুয়ান জিয়াংয়ের কর্মস্থল উল্লেখ করা হয়েছে নর্থ ইয়র্কের ৩৫৫০ ভিক্টোরিয়া পার্ক এভিনিউয়ে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্টারিও ইন্টারন্যাশনাল কলেজ ইনকর্পোরেশন বেতন পরিশোধেল আদেশ পরিপালনে ব্যর্থ হয়েছে। এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্ট, ২০০০ এর ১০৩(৮) ধারায় এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ডস অফিসার বেতন পরিশোধের ওই আদেশ দিয়েছিলেন। এই আদেশ পরিপালন না করা আইনের ১৩২ ধারায় অপরাধ।
মন্ত্রণালয় বলেছে, কর্পোরেশনের পরিচালক হিসেবে জিয়াং বেতন পরিশোধের আদেশ পরিপালনে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে আইনের অনুচ্ছেদ ১৩৬ অনুযায়ী অপরাধ করেছেন।
কর্মীদের পাওনা পরিশোধের আদেশগুলো দেওয়া হয় ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের অক্টোবরের মধ্যে। যদিও কর্পোরেশন তা পরিপালন করেনি। এমনকি এই আদেশ পর্যালোচনার আবেদনও করেনি। ইএসও এরপর বেতন পরিশোধে জিয়াংকে সরাসরি নির্দেশ দেন। কিন্তু তিনিও তা পরিপালন করেননি। এমনকি তিনি এই আদেশ পুনর্বিবেচনার আবেদনও করেননি।
এই পর্যায়ে মন্ত্রণালয় কর্র্পোরেশন ও এর পরিচালককে বেতন পরিশোধের আদেশ পরিপালন না করার অভিযোগে আদালতে তোলে। টরন্টোর প্রভিন্সিয়াল অফেন্সেস কোর্টে ২৮ মার্চ তারা দোষী সাব্যস্ত হন। বিচারপতি অন্টারিও ইন্টারন্যাশনাল কলেজ ইনকর্পোরেশনকে ২ লাখ ৭০ হাজার ডলার এবং এর পরিচালক আনচুয়ান জিয়াংকে ১ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেন। কর্মীদের পাওনা বেতন এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।
প্রভিন্সিয়াল অফেন্সেস অ্যাক্ট অনুুযায়ী, আদালত ২৫ শতাংশ ভিক্টিম ফাইন সারচার্জও আরোপ করেছে। এই সারচার্জ প্রাদেশিক সরকারের বিশেষ তহবিলে যাবে, অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তায় খরচ করা হবে।
উভয় মামলায় প্রদেশের পক্ষে আইনজীবী ছিলেন ডেভ সিম্পসন এবং আলেক্সিস কি।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

