স্ত্রীর সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেম, দুই বছর জেনেও মেনে নিয়েছিলেন স্বামী

স্ত্রীর সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেম, দুই বছর জেনেও মেনে নিয়েছিলেন স্বামী - the Bengali Times
ছবিতে স্বামী কাং ওয়েইয়ের সঙ্গে অ্যালিস হুয়াং ডানে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্কের কথা জানতেন তাঁর স্বামী কাং ওয়েই। শুধু জানতেনই না, প্রায় দুই বছর ধরে বিষয়টি মেনেও নিয়েছিলেন তিনি। চমকপ্রদ বিষয় হলো, একসময় কাং নিজেই দীর্ঘদিনের পরিচিত জেনসেন হুয়াংয়ের সঙ্গে নিজের স্ত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরে সেই পরিচয়ই গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাংবাদিক লিংলিং ওয়েইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চীনা ব্যবসায়ী কাং ওয়েইয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় প্রায় এক দশকের। সেই সূত্র ধরেই অ্যালিসের সঙ্গে জেনসেনের পরিচয় করিয়ে দেন কাং।

- Advertisement -

দম্পতির পরিচিতজনদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে স্ত্রীর সঙ্গে জেনসেনের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলেন কাং। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলেও রাখঢাক করতেন না তিনি। বরং কখনো কখনো রসিকতা করে পরিচিতদের বলতেন, অ্যালিস জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।

ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও কাং ও অ্যালিসের বিস্তৃত যোগাযোগ ছিল। চীন, সিঙ্গাপুর ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণে তাঁরা নিজেদের ব্যক্তিগত নেটওয়ার্ক কাজে লাগান। গত এক দশকে ভিডিও গেম, ওষুধশিল্পের প্রতিষ্ঠান অধিগ্রহণ এবং ক্লাউড কম্পিউটিং খাতে একাধিক লাভজনক উদ্যোগে যুক্ত হন এই দম্পতি।

এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তর এবং পারস্পরিক সম্পর্কযুক্ত কোম্পানির একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলেন তাঁরা। সর্বশেষ তাঁদের ব্যবসায়িক আগ্রহের কেন্দ্রে আসে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ। তবে এ ব্যবসা ঘিরে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিরোধেও জড়াতে হয়েছে তাঁদের।

জেনসেনের সঙ্গে অ্যালিসের সম্পর্ক প্রকাশ্যে আসার পর কাং ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে একাধিক দেশে তদন্ত শুরু হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এনভিডিয়া প্রধানের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে চীনের গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান মেগাস্পিডের কার্যক্রমও খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েক বিলিয়ন ডলারের এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনে পাঠানোর অভিযোগ রয়েছে।

২০২৩ সালে এনভিডিয়ার ক্লাউড অংশীদার হওয়া মেগাস্পিড চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবাকে প্রধান গ্রাহক হিসেবে ব্যবহার করে চিপ সংগ্রহের সুযোগ তৈরি করেছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মেগাস্পিডের দাবি, তারা সব সময় রপ্তানিসংক্রান্ত আইন মেনেই ব্যবসা পরিচালনা করেছে।

অ্যালিসের ব্যবসায়িক ও ব্যক্তিগত যোগাযোগ নিয়ে তাইওয়ানেও তদন্ত চলছে। ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ তাঁর প্রবেশের অনুমতি বাতিল করেছে। তাইওয়ানে তাঁর সফরের পেছনে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্য ছিল কি না, কিংবা তিনি দেশটির অনুপ্রবেশবিরোধী আইন ভঙ্গ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ২০২৫ সালের গ্রীষ্মে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ অ্যালিসকে আটক করেছিল। পরে দেশটি ছাড়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাঁকে সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট অপরাধে তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে সাংহাইয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগের তদন্তের অংশ হিসেবে কাং ওয়েইকেও আটক করা হয়েছিল। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগও প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, চীনা গুপ্তচরবৃত্তি নিয়ে যে বয়ান তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অনুমান। চীনকে অপবাদ দেওয়ার চেষ্টা ছাড়া এসব অভিযোগের আর কোনো ভিত্তি নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles