পরীমনির বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য মানসুরা

পরীমনির বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য মানসুরা - the Bengali Times
মানসুরা আলম

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে আক্রমণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তার ভাষ্য, দীর্ঘদিনের পরিচয়ে সাংবাদিক রবিউলকে তিনি একজন ভদ্র ও সংবেদনশীল মানুষ হিসেবেই দেখেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার করে হেয় করা কিংবা চরিত্রহনন করা উচিত নয় বলেও মনে করেন তিনি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন মানসুরা আলম।

- Advertisement -

পোস্টে তিনি বলেন, সাংবাদিক রবিউলকে দীর্ঘদিন ধরে চেনেন তিনি। দীর্ঘদিনের পরিচয়ে তাকে অত্যন্ত ভদ্র ও সংবেদনশীল একজন মানুষ হিসেবে দেখেছেন। সুযোগ পেয়ে কারও গায়ে হাত দেওয়ার মানসিকতা তার মধ্যে কখনো দেখেননি।

সাংবাদিকের পেশাগত আচরণের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য আরও লেখেন, ভিডিও বক্তব্য নেওয়ার সময় রবিউল কতটা সতর্ক থাকতেন, সেটিও তিনি দেখেছেন। একজন নারী হিসেবে কে কীভাবে দেখছে বা ভাবছে, তা অন্তত বুঝতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

মানসুরা আলম লেখেন, চাইলে তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যেতে পারতেন। কিন্তু একজন প্রভাবশালী নায়িকার কথা বিবেচনা করে যেন কারও ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চাপিয়ে দেওয়া না হয়, কেউ যেন অন্যায়ভাবে হেয় বা চরিত্রহননের শিকার না হন, সে কারণেই নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টের শেষাংশে সাংবাদিক রবিউলের শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি জানান, রবিউলের জন্ম থেকেই একটি হাত নেই।

উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে আক্রমণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে মানসুরা আলমের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles