আগাম এমএআইডি আবেদনের সুযোগ রেখে বিল উত্থাপন

আগাম এমএআইডি আবেদনের সুযোগ রেখে বিল উত্থাপন - the Bengali Times
বিচারমন্ত্রী শন ফ্রেজার বলেন ঠিক কত সংখ্যক প্রদেশ কাজটি করবে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন এখন পর্যন্ত কুইবেকই একমাত্র প্রদেশ যেখানে আগাম আবেদনের ব্যবস্থা চালু রয়েছে

মেডিক্যালি অ্যাসিস্টেড ডেথের (এমএআইডি) জন্য আগাম আবেদনের সুযোগ রেখে হাউস অব কমন্সে মঙ্গলবার নতুন একটি আইন প্রস্তাব করা হয়েছে। তবে তাদের এমএআইডির সুযোগপ্রাপ্তি নির্ভর করবে তারা কোথায় বসবাস করছেন তার ওপর।

বিল সি-৪১তে ফৌজদারি বিধি সংশোধনের কথা বলা হয়েছে, যাতে করে লোকজন এমএআইডির জন্য আগাম আবেদন করতে পারেন। তবে প্রদেশের নিজস্ব স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে এই অনুরোধ রক্ষা করা হবে কিনা অথবা আইনটি বাস্তবায়ন করা হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার প্রাদেশিক সরকারের।

- Advertisement -

বিচারমন্ত্রী শন ফ্রেজার বলেন, ঠিক কত সংখ্যক প্রদেশ কাজটি করবে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। এখন পর্যন্ত কুইবেকই একমাত্র প্রদেশ যেখানে আগাম আবেদনের ব্যবস্থা চালু রয়েছে। আলবার্টা আগাম আবেদনের সুযোগ বন্ধ করে আইন পাশ করেছে।

ফ্রেজার বলেন, আরও অনেক প্রদেশ এটা করবে বলে আমি আশা করছি। তবে প্রাদেশিক সরকারের হয়ে আমি এটা ঘোষণা দিতে চাইছি না। কারণ, নিজেদের প্রতিনিধিত্ব করার জন্য তারা এখানে উপস্থিত নেই।

যাদের বয়স ১৮ বছরের ওপরে এবং গুরুতর ও নিরাময় অযোগ্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কানাডার বিদ্যমান আইনে কেবল তাদের জন্যই মেডিক্যালি অ্যাসিস্টেড ডেথের সুযোগ রয়েছে। এ ছাড়া তাদেরকে অবশ্যই স্বেচ্ছায় অনুরোধ করতে হবে এবং প্রক্রিয়াটিতে সজ্ঞানে সম্মতি দিতে হবে। এমনকি যখন প্রক্রিয়াটি প্রয়োগ করা হবে তখনো সম্মতি দিতে হবে।

আগাম আবেদন কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যাদের স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে। অর্থাৎ, ডিমেনশিয়া অথবা এএলএসের মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তারা সম্মতি জানানোর মতো অবস্থা হারিয়ে ফেললে মেডিক্যালি অ্যাসিস্টেড ডেথ কার্যকর করা হবে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, এমএআইডির অনুরোধ অবশ্যই স্বেচ্ছায় ও বাইরের কোনো চাপ ছাড়াই হতে হবে এবং শক্ত রক্ষাকবচ দ্বারা তা সুরক্ষিত থাকবে।

কেবলমাত্র মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এমএআইডির সুযোগ সম্প্রসারণের যে কথা ছিল বিল সি-৪১এ তা-ও রহিত করা হয়েছে। এ ব্যাপারে সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ ধরনের অসুস্থতা নিরাপদে এবং নিরবচ্ছিন্নভাবে মূল্যায়ন করা সম্ভব কিনা তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles