
দীর্ঘ ১৩ বছরের প্রেম, অথচ বিয়ের কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু মারণব্যাধি ক্যানসার যেন বদলে দিল জীবনের সব হিসাব। তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ার পর ভালোবাসার মানুষ রকি জয়সওয়ালকে বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী হিনা খান। ভবিষ্যৎ কতটা অনিশ্চিত, তা জানতেন না তিনি। তাই আর অপেক্ষা নয়, জীবনের কঠিন সময়েই ভালোবাসার মানুষকে পাশে নিয়ে নতুন পথচলা শুরু করেন। অবাক করার মতো বিষয়, তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের বিয়ের গল্প শোনান হিনা। তিনি জানান, বিয়ের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ আকস্মিক। আগে থেকে এ নিয়ে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। অসুস্থতার কারণে জীবনের অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
হিনা বলেন, রকির সঙ্গে তাঁর সম্পর্ক ১৩ বছরেরও বেশি সময়ের। দীর্ঘ এই সময়ে বিয়ের বিষয়টি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি তাঁরা। কিন্তু ২০২৪ সালে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ার পর পরিস্থিতি বদলে যায়।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, অসুস্থতার খবর জানার পর রকিকে দুটি পথের কথা বলেছিলেন তিনি। হয় নিজের পছন্দমতো অন্য কাউকে বিয়ে করে জীবনে এগিয়ে যেতে হবে, নয়তো তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে হবে। কারণ, আগামীকাল কী ঘটবে, তা তিনি নিজেও জানতেন না।
হিনা বলেন, ‘আমার স্বাস্থ্যের যে পরিস্থিতি ছিল, তখন আমি ওকে বলেছিলাম, হয় তুমি সামনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকেই বিয়ে করো। কারণ, আগামীকাল কী হবে, আমি জানি না।’
শেষ পর্যন্ত রকি হিনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। এরপর আর দেরি করেননি তাঁরা। দ্রুত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। এ সময় সানিয়া মির্জা জানতে চান, তাঁদের বিয়ের অনুষ্ঠান সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। জবাবে হিনা জানান, সময়টা ১৫ মিনিটেরও কম ছিল।
বিয়ের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই তাঁকে দ্রুত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল। তাঁর কথায়, এমন অনিশ্চয়তা সবার জীবনেই রয়েছে। তাই তিনি রকিকে বলেছিলেন, বিয়েটা করে ফেলতে চান। রকিও তাতে সম্মতি জানান। বিয়ে নিয়ে তাঁর কখনো আপত্তি ছিল না বলেও জানান হিনা।
উল্লেখ্য, ২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার মধ্যেই ২০২৫ সালের জুনে রকির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

