
বলিউডের একসময়ের আলোচিত প্রেমের জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁদের প্রেম ভেঙে গেলেও সেই সম্পর্কের নানা অজানা ঘটনা নিয়ে ভক্তদের কৌতূহল আজও কমেনি। এবার ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনা সামনে এনে পুরোনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী স্মিতা জয়কর। তাঁর দাবি, শুটিং সেটেই সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল। এমনকি তাঁদের ঘনিষ্ঠতা পরিচালকের নজরও এড়ায়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন স্মিতা। তিনি জানান, সিনেমার একটি গানের দৃশ্য ধারণের সময় ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেছিলেন সালমান। বিষয়টি দেখে পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি ঐশ্বরিয়ার হাত ছুঁয়েছেন?
স্মিতার বর্ণনা অনুযায়ী, সালমানও বিষয়টি গোপন করেননি। তিনি জানিয়েছিলেন, দৃশ্যের প্রয়োজনে নয়, ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই তাঁর হাত স্পর্শ করেছিলেন।
স্মিতা বলেন, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁদের আচরণেই সেই ভালো লাগার প্রকাশ দেখা যেত। বাস্তব জীবনের রসায়ন পর্দাতেও ফুটে উঠত।
তবে প্রেমের সেই আবহের পাশাপাশি শুটিংয়ের সময় নিয়েও কিছুটা বিড়ম্বনা ছিল বলে জানান অভিনেত্রী। তাঁর দাবি, নির্ধারিত সময়ে সেটে পৌঁছাতেন না সালমান ও ঐশ্বরিয়া। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, তবু তাঁদের দেখা মিলত না। এতে সেটের অন্যদের মধ্যে বিরক্তি তৈরি হতো। তবে প্রেমে পড়লে এমনটা হতেই পারে—এমন ভেবেই অনেকে বিষয়টি মেনে নিতেন।
স্মিতা আরও জানান, ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের সময় একটি দৃশ্যে সালমানকে টেবিলের চারপাশ দিয়ে হেঁটে আসতে হতো। সামনে দাঁড়িয়ে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। দৃশ্যটির শুটিং চলাকালে সালমান হঠাৎ তাঁর হাত ছুঁয়ে ফেলেন।
উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে সালমান ও ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে তাঁদের প্রেম বলিউডের অন্যতম আলোচিত সম্পর্কে পরিণত হয়। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের প্রেমের নানা ঘটনা এখনো বলিউডের আলোচনায় ফিরে আসে।

