
রুপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের আলোচনায় থাকেন অভিনেত্রী পরীমনি। জন্মদিনের জমকালো আয়োজন নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন সাজে হাজির হয়েছেন তিনি। উজ্জ্বল কমলা শাড়িতে তাঁর কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
পরীমনির সাজপোশাকে বরাবরই থাকে বৈচিত্র্য। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে তুলে ধরেন তিনি। তবে শাড়িতে তাঁর উপস্থিতি যে ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করে, নতুন ছবিগুলো যেন আবারও তার প্রমাণ দিল।
শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাঁর পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের শাড়ি, যার ওপর সাদা ফুলের নকশা। এর সঙ্গে সাদা রঙের ওপর কমলা চুমকির কাজ করা ফুলহাতা ব্লাউজ পরেছিলেন তিনি। গলায় লাল পাথর বসানো পেন্ডেন্ট এবং কানে ঝুলন্ত দুল তাঁর সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
ছবিগুলোতে কখনো মিষ্টি হাসিতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো চোখ বন্ধ করে ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। চুলের সাজও তাঁর নতুন রূপে যোগ করেছে আলাদা মাত্রা।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা পেতে শুরু করেন পরীমনি। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘কী সুন্দর!’ আরেকজনের মন্তব্য, এই সাজে দারুণ লাগছে অভিনেত্রীকে।

