পোষা কুকুরের হামলায় নবজাতকের মৃত্যু, বাবার ১৬ বছরের কারাদণ্ড

পোষা কুকুরের হামলায় নবজাতকের মৃত্যু, বাবার ১৬ বছরের কারাদণ্ড - the Bengali Times
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পোষা কুকুরের হামলায় এক সপ্তাহ বয়সি নবজাতকের মৃত্যু হয়েছে

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পোষা কুকুরের হামলায় এক সপ্তাহ বয়সি নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা অস্টিন কিনসেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নথি অনুযায়ী, চম্প নামের পাঁচ বছর বয়সি কুকুরটি শিশুটিকে অন্তত ১৮০ বার কামড়েছিল।

নিহত শিশুর নাম জেসন অ্যান্থনি ওয়েভার। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়। এ ছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ, পাঁজরের হাড় ভেঙে যাওয়া এবং ফুসফুসে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

- Advertisement -

ঘটনাটি ঘটে ইন্ডিয়ানার গ্রামীণ মার্কল এলাকায় পরিবারের বাড়িতে। পুলিশ জানায়, অস্টিন তদন্তকারীদের বলেছেন, ঘটনার সময় তিনি শিশুটির সঙ্গে একই ঘরে ছিলেন এবং ভিডিও গেম খেলছিলেন। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলতে তিনি কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হন।

এরপর শিশুটির দাদা টিমোথি কিনসে শিশুর শব্দ শুনে ঘরে যান। সেখানে তিনি দেখতে পান, চম্প শিশুটিকে টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে বাঁচাতে জরুরি চিকিৎসার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো যায়নি।

তদন্তে বাড়িটির পরিবেশ নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানায়, বাড়িটি আবর্জনা, ময়লা কাপড়, অপরিষ্কার বাসনপত্র ও পোকামাকড়ে ভরা ছিল। এমনকি শিশুটির গাড়ির আসনেও পোকামাকড় পাওয়া যায়। পরে বাড়িটিকে বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, পরিবারের সদস্যরা চম্পকে সাধারণত শান্ত কুকুর হিসেবে বর্ণনা করলেও তারা জানতেন যে এটি ঈর্ষাপ্রবণ ও অন্য প্রাণীর প্রতি আক্রমণাত্মক ছিল। এর আগে কুকুরটি মানুষকেও কামড়েছিল বলে পরিবারের সদস্যরা স্বীকার করেন।

এক সদস্য জানান, কুকুরটির আক্রমণাত্মক আচরণ সামাল দিতে তারা বাড়িতে একটি বন্দুকও রাখতেন। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের বাবা-মাসহ আরও চার সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles