
কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা ড. নাহিদা বেগম। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে তার ছেলেকে নানা ঘটনায় জড়ানোর চেষ্টা চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে নানা ভাবে দোষারোপ করা হচ্ছে। আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি কখনোই তা মেনে নেব না।’
তিনি বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সহায়তা করেছিলেন। এ কারণে তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে সেটিও তিনি মেনে নেবেন না।
নাহিদা আরও বলেন, তার কোনো অপরাধ থাকলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু তার কর্মকাণ্ডের দায়ে কেন তার ছেলেকে প্রাণ দিতে হবে—এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত, তারা ভবিষ্যতে অন্য শিশুদের ক্ষতি করতে পারে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন।

