দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের ডেকেছেন শেখ হাসিনা

দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের ডেকেছেন শেখ হাসিনা - the Bengali Times
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই এ বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়, দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা ওই মতবিনিময়ে অংশ নেবেন। কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও এতে উপস্থিত থাকবেন।

- Advertisement -

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন। তবে বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো কর্মসূচি বা আলোচ্যসূচি ঠিক করা হয়নি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে শেখ হাসিনার এটিই প্রথম বড় ধরনের সরাসরি মতবিনিময় হতে যাচ্ছে।

দলের ইউরোপে অবস্থানরত এক সাংগঠনিক সম্পাদক জানান, ভারতে থাকা নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। সেখানে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, নেতাকর্মীদের অবস্থা এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নেতাদের মতামত ও পরামর্শ শোনা হতে পারে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও আওয়ামী লীগের নেতাদের মধ্যে নানা আলোচনা চলছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশে ফেরার জন্য একাধিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিমান ও স্থলপথ—দুই ধরনের সম্ভাব্য পথ নিয়েই আলোচনা চলছে।

আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা ও কৌশলগত বিষয় বিবেচনা করে পথ নির্ধারণ করবেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির কথাও ভাবা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার বিমান ও সড়ক—দুই পথেই ফেরার প্রস্তুতি রয়েছে। তার ভাষ্য, নিরাপত্তা ও কৌশলগত বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ফেরার পথ নির্ধারণ করা হবে।

এদিকে দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে ফেরার দিনক্ষণ ও পথ সম্পর্কে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে নয়াদিল্লিতে দেশি-বিদেশি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে দেশে ফেরার পথ ঘোষণা করতে পারেন শেখ হাসিনা। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles