ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের রহস্য উন্মোচন করলেন শৈশবের বন্ধু

ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের রহস্য উন্মোচন করলেন শৈশবের বন্ধু - the Bengali Times
লামিন ইয়ামাল

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল গোল করার পর দুই হাত দিয়ে ‘৩০৪’ সংকেত তৈরি করেন। ফুটবলপ্রেমীদের কাছে এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে এই উদযাপন। কিন্তু কেন ‘৩০৪’? এই রহস্যের উত্তর এবার দিয়েছেন ইয়ামালের শৈশবের ঘনিষ্ঠ বন্ধু সোহাইব।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘তার্দে এআরকে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালের সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্বের নানা অজানা গল্প তুলে ধরেন সোহাইব। তার ভাষায়, ইয়ামাল শুধু বন্ধু নন, অনেকটা ভাইয়ের মতো।

- Advertisement -

রোকাফোন্ডার একটি পার্কে মাত্র ছয় বছর বয়সে ইয়ামালের সঙ্গে সোহাইবের বন্ধুত্বের শুরু। ছোটবেলায়ই ইয়ামালের ফুটবল প্রতিভা নজরে পড়েছিল তার। সোহাইব বলেন, তখন থেকেই তিনি বন্ধুকে বলতেন, চাইলে একদিন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হতে পারবে ইয়ামাল। তবে সেই বিশ্বাসটা আগে নিজের মধ্যেই তৈরি করতে হবে।

সময় গড়িয়েছে, ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা। বিপুল খ্যাতি ও সাফল্য পেলেও তার আচরণে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে জানান সোহাইব।

তবে ইয়ামালের গোল উদযাপনের সঙ্গে জড়িয়ে আছে শৈশবের এলাকার স্মৃতি। ‘৩০৪’ আসলে রোকাফোন্ডা এলাকার ডাক বিভাগের সংকেতের শেষ তিনটি সংখ্যা।

সোহাইব জানান, যুব দলের একটি কোপা দেল রে ম্যাচের সময় এই উদযাপনের ধারণাটি আসে। ইয়ামাল তখন নিজের পারফরম্যান্স দিয়ে কিছু প্রমাণ করতে চাচ্ছিলেন। সেই সময় সোহাইবই তাকে ‘৩০৪’ সংকেতটি ব্যবহার করার পরামর্শ দেন।

বন্ধুর পরামর্শ ইয়ামালের পছন্দ হয়ে যায়। এরপর গোল পেলেই দুই হাত দিয়ে ‘৩০৪’ দেখিয়ে উদযাপন করতে শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সেটিই হয়ে ওঠে ইয়ামালের নিজস্ব পরিচয়ের অন্যতম প্রতীক।

অর্থাৎ মাঠে ইয়ামালের প্রতিটি ‘৩০৪’ উদযাপনের পেছনে শুধু একটি সংখ্যা নয়, লুকিয়ে আছে তার শৈশব, নিজের এলাকা এবং প্রিয় বন্ধুর সঙ্গে কাটানো দিনের স্মৃতি।

- Advertisement -

Related Articles

Latest Articles