
কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র সঙ্গে কথোপকথনে সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার বিস্তারিত পরিকল্পনা শেয়ার করে আইনি বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক যুবক। বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাবেক ২৫ বছর বয়সী আর্থিক বিশ্লেষক ড্যারেন জৌ তার সাবেক প্রেমিকার ওপর প্রাণঘাতী হামলার পরিকল্পনা এআই-এর কাছে তুলে ধরলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয় চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআই। পরবর্তীতে ওপেনএআই সরাসরি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে বিষয়টি অবহিত করলে গত মে মাসে গ্রেফতার হন অভিযুক্ত যুবক। আদালতে অভিযোগ প্রমাণিত হলেও প্রসিকিউশনের সঙ্গে চুক্তির ভিত্তিতে তিনি কারাদণ্ড এড়াতে সক্ষম হয়েছেন।
আদালতের নথি ও মাসাচুসেটস লয়ার্স উইকলির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচের সাবেক গোল্ডম্যান স্যাকস বিশ্লেষক ড্যারেন জৌর বিরুদ্ধে তদন্তকারীরা দীর্ঘ কয়েক মাস ধরে চ্যাটজিপিটিতে পাঠানো বার্তাগুলো পর্যালোচনা করেন। তদন্তকারী কর্মকর্তাদের মতে, এসব বার্তা কেবল ক্ষোভ বা আবেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এতে স্পষ্টতই সহিংসতা পরিচালনা ও ধাপে ধাপে হামলার মহড়ার তথ্য উঠে এসেছে। ড্যারেন জৌকে গ্রেফতারের ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফ অফিসকে বিষয়টি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করে এবং তার টানা দুই মাসের চ্যাট হিস্ট্রি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়।
ঘটনার সূত্রপাত ঘটে চলতি বছরের মার্চ মাসে, যখন ছয় মাসের সম্পর্কের ইতি টেনে ড্যারেন জৌর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন তার ২১ বছর বয়সী প্রেমিকা। বিচ্ছেদের পর ড্যারেন জৌ চ্যাটজিপিটিতে তার সাবেক প্রেমিকাকে ঘিরে অন্য পুরুষদের উপস্থিতিতে তীব্র ঈর্ষার কথা জানান এবং মেয়েটি তার কাছে ফিরে না আসলে তাকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন। আদালতের হলফনামায় বলা হয়, জৌ চ্যাটজিপিটিকে বলেন যে তিনি সাবেক প্রেমিকার জিম বা শরীরচর্চাকেন্দ্রের পার্কিং লটে ফুল হাতে অপেক্ষা করবেন এবং পুনরায় সম্পর্ক গড়ে তোলার আকুতি জানাবেন। মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যা করার এবং পরবর্তীতে নিজের দিকে অস্ত্র ঘুরিয়ে আত্মহত্যা করার বিস্তারিত পরিকল্পনা তিনি জানান।
পরবর্তীতে জৌর হুমকি আরও ভয়াবহ রূপ নেয় এবং তা যৌন সহিংসতা ও জিম্মি করার পরিকল্পনায় গড়ায়। তিনি চ্যাটবটকে জানান, সাবেক প্রেমিকাকে জোরপূর্বক সাউথ পাম বিচে অবস্থিত তার বাড়িতে নিয়ে গিয়ে জিম্মি করবেন এবং যৌন নির্যাতন চালাবেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ চলে আসলে আত্মহত্যা করার আগে প্রেমিকাকে লক্ষ্য করে বারবার গুলি চালানোর পরিকল্পনাও তিনি শেয়ার করেন। একপর্যায়ে জৌর হুমকির লক্ষ্যবস্তু বিস্তৃত হয়ে তার সাবেক প্রেমিকার পরিবারের সদস্যদের পর্যন্ত স্পর্শ করে।
পুরো ঘটনা জানার পর পাম বিচ কাউন্টি শেরিফ কার্যালয়ের ডেপুটিরা ২১ বছর বয়সী ওই তরুণীর নিরাপত্তার স্বার্থে ওয়েলফেয়ার চেক পরিচালনা করেন। ওই তরুণী তদন্তকারীদের জানান যে জৌর অস্বাভাবিক, চরম ঈর্ষান্বিত এবং নিয়ন্ত্রণকামী আচরণের কারণে তিনি সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হন। জৌর সম্ভাব্য হিংসাত্মক প্রতিক্রিয়া এড়াতে তিনি সরাসরি দেখা না করে ফোনে বিচ্ছেদের কথা জানান। তবে বিচ্ছেদের পরও জৌ তাকে ক্রমাগত ফোন, টেক্সট বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাতেন। টিকটকে এক যুবকের মন্তব্য করার বিষয় তুলে ধরে তিনি তরুণীকে কটূক্তি করতেন এবং এত দ্রুত নতুন সম্পর্কে জড়ানোর ভুয়া অভিযোগ তুলতেন।
পরে বিরক্ত হয়ে ওই তরুণী জৌর ফোন নম্বর এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দিলে তিনি বিভিন্ন অ্যাপের সাহায্যে ভুয়া নম্বর তৈরি করে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যান। এসব বার্তার অনেকগুলোই ছিল চরম হয়রানি, অপমানজনক, যৌন ইঙ্গিতপূর্ণ এবং প্রাণনাশের হুমকিতে ভরা, যার স্ক্রিনশট তরুণী পুলিশের কাছে জমা দিয়েছেন। ড্যারেন জৌর চ্যাটজিপিটি কথোপকথন পর্যালোচনাকারী এক শেরিফ ডেপুটি নিশ্চিত করেন যে বার্তাগুলো কোনো সাধারণ রাগ প্রকাশের বহিঃপ্রকাশ ছিল না, বরং এতে ধাপে ধাপে পরিকল্পিত সহিংসতার স্পষ্ট নকশা ছিল।
চলতি বছরের মে মাসে গ্রেফতার হওয়ার পর পাম বিচ কাউন্টি জেলে দুই দিন অবস্থান শেষে ১ লাখ ডলারের মুচলেকায় জামিন পান ড্যারেন জৌ। পরবর্তীতে তার বিরুদ্ধে এগ্রাভেটেড স্টকিং বা মারাত্মক উত্ত্যক্তকরণ, লিখিতভাবে হত্যার হুমকি এবং মুঠোফোনের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়। গত ১৩ আগস্ট প্রসিকিউশনের সঙ্গে বিশেষ চুক্তির আওতায় তিনি তিনটি অপরাধেরই দায় স্বীকার করেন, যার ফলে কারাদণ্ড এবং স্থায়ী অপরাধীর (ফেলোনি) তকমা এড়িয়ে যেতে সক্ষম হন।
সার্কিট জাজ স্কট সাসকাওয়ার জানান, ভুক্তভোগী তরুণী নিজে এই সমঝোতায় সম্মতি দেওয়ায় আদালত এটি অনুমোদন করেছেন। বিচারক তাকে সরাসরি দণ্ড না দিয়ে আট বছরের প্রবেশন প্রদান করেন, যেখানে প্রথম দুই বছর তাকে ইলেকট্রনিক অ্যানকেল মনিটর পরে চলাফেরা করতে হবে।

