‘আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি, বলে বুঝাতে পারবো না’: ঢাবি শিক্ষক মোনামি

‘আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি, বলে বুঝাতে পারবো না’: ঢাবি শিক্ষক মোনামি - the Bengali Times

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত কিছু নেতাকর্মীর আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যক্তিগত একটি ছবি ও পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সোমবার বিকেলে দেওয়া পোস্টে মোনামি বলেন, তিনি তার ব্যক্তিগত প্রোফাইল থেকে সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার একটি ছবি ও লেখা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ছবি ব্যবহার করে যেভাবে অমার্জিত মন্তব্য ও পোস্ট দেওয়া হয়েছে, তাতে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন।

- Advertisement -

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় ভালো ভাবার কোনো কারণ নেই। পাশাপাশি তথাকথিত সুশীল সমাজের একাংশ নির্দিষ্ট রাজনৈতিক দল ও শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হলেও অন্য শিক্ষকদের ক্ষেত্রে উদাসীন থাকে বলেও মন্তব্য করেন তিনি। নিজের বিরুদ্ধে ‘জামায়াত’ তকমা দেওয়ার প্রবণতা নিয়েও হতাশা প্রকাশ করেন এই শিক্ষক।

পোস্টে মোনামি আরও বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে ছাত্রদল ও বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত কিছু নেতাকর্মীর আচরণ তিনি অনেকটা নীরব দর্শকের মতো সহ্য করে আসছেন। এ ধরনের উদ্ধত আচরণ ব্যক্তিগত জীবনে কাউকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টটির মন্তব্যের ঘরে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা মন্তব্য করেন। তার মন্তব্যের জবাবে মোনামি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত এক ছাত্রীকে সহযোগিতা করার পুরোনো একটি ঘটনা তুলে ধরেন।

মোনামি জানান, ওই ছাত্রী একসময় বড় ধরনের সমস্যায় পড়ে প্রক্টর কার্যালয়ে এসে কেঁদেছিলেন। তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তিনি ওই ছাত্রীর জন্য অনেক দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সহযোগিতা করেছিলেন। তখন তিনি ওই ছাত্রীকে পড়াশোনা শেষ করার পরামর্শও দিয়েছিলেন।

মোনামির ভাষ্য অনুযায়ী, ওই ছাত্রী তাকে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু কিছুদিন পর সেই একই ছাত্রী রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেন।

এ ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোনামি লেখেন, “আমি কী পরিমাণ কষ্ট পেয়েছি, আমি বলে বুঝাতে পারবো না।”

তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles