প্রতিবাদ মিছিলেই মিলছে পছন্দের মানুষ! বদলাচ্ছে ডেটিং ট্রেন্ড

প্রতিবাদ মিছিলেই মিলছে পছন্দের মানুষ! বদলাচ্ছে ডেটিং ট্রেন্ড - the Bengali Times
ছবি এআই জেনারেটেড

প্রেমের শুরু মানেই এত দিন ছিল ক্যাফে, পার্ক বা ডেটিং অ্যাপ। কিন্তু নতুন প্রজন্ম যেন সেই ধারণা বদলে দিচ্ছে।

এখন সামাজিক কোনো ইস্যুতে প্রতিবাদ মিছিল বা সমাবেশেও অনেক তরুণ-তরুণী খুঁজে পাচ্ছেন পছন্দের মানুষ। নতুন এক জরিপে উঠে এসেছে, একই আদর্শ ও মূল্যবোধের মানুষের সঙ্গে পরিচয় থেকে গড়ে উঠছে নতুন সম্পর্ক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

- Advertisement -

ডেটিং অ্যাপ হ্যাপন–এর ফ্রিডম টু লাভ ইনডেক্স জরিপে দেখা গেছে, ভারতের ৩৫ শতাংশ অবিবাহিত তরুণ-তরুণী জানিয়েছেন, কোনো প্রতিবাদ কর্মসূচিতে এমন একজনকে দেখেছেন, যাকে তাদের আকর্ষণীয় মনে হয়েছে এবং পরে আবারও দেখা করার ইচ্ছা হয়েছে।

এক হাজারের বেশি অবিবাহিত মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপ করা হয়েছে।
জরিপে আরো দেখা যায়, ৬৪ শতাংশ মনে করেন, প্রতিবাদ কর্মসূচিতে মানুষকে তার প্রকৃত রূপে দেখা যায়। সেখানে সাজানো-গোছানো ছবি বা নিখুঁত পরিচয়ের বদলে একজন মানুষের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও সামাজিক সচেতনতা প্রকাশ পায়। আর ৩৩ শতাংশ বলেছেন, এমন স্বাভাবিক উপস্থিতিই কাউকে আরো আকর্ষণীয় করে তোলে।

কোন গুণ সবচেয়ে বেশি নজর কাড়ে—এ প্রশ্নের উত্তরে ৩১ শতাংশ বলেছেন, কোনো বিষয়ে আন্তরিকতা ও দৃঢ় অবস্থান সবচেয়ে আকর্ষণীয়। এরপর রয়েছে সহমর্মিতা (২৫ শতাংশ) এবং রসবোধ (২৪ শতাংশ)।

রাজনৈতিক মতপার্থক্যও অনেকের কাছে সম্পর্কের বড় বাধা নয়। জরিপে ২৮ শতাংশ জানিয়েছেন, কারো প্রতি ভালো লাগা তৈরি হলে ভিন্ন রাজনৈতিক মত থাকলেও তাকে জানার চেষ্টা করবেন। আর ২৩ শতাংশ আশা করেন, সময়ের সঙ্গে দুজনের মধ্যে মিল খুঁজে পাওয়া সম্ভব।

জরিপে বর্তমান ডেটিং সংস্কৃতি নিয়েও উঠে এসেছে কিছু তথ্য। ৩৭ শতাংশ উত্তরদাতা সম্পর্কের শুরুতেই অতিরিক্ত মনোযোগ বা উপহার দেওয়ার প্রবণতা (লাভ বোম্বিং) অপছন্দ করেন। ৩৬ শতাংশ গভীর রাতে অপ্রয়োজনীয় বার্তা, ১৯ শতাংশ হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া (ঘোস্টিং) এবং ৯ শতাংশ সম্পর্ক ঝুলিয়ে রাখার প্রবণতা (ব্রেডক্রাম্বিং) থেকে মুক্তি চান। অন্যদিকে ৪২ শতাংশ মনে করেন, সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে না রেখে স্বাভাবিক থাকা।

বিশেষজ্ঞদের মতে, নতুন প্রজন্মের কাছে সম্পর্ক এখন শুধু বাহ্যিক আকর্ষণের ওপর নির্ভর করছে না। একই মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও পারস্পরিক সম্মানও সম্পর্ক গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠছে। তাই ক্যাফের টেবিলের পাশাপাশি প্রতিবাদ মিছিল বা সামাজিক উদ্যোগও অনেকের কাছে নতুন পরিচয় ও সম্পর্কের সূচনার জায়গা হয়ে উঠছে।

- Advertisement -

Related Articles

Latest Articles