নিজেকে বাঁচানোর চেষ্টা করছি : প্রভা

নিজেকে বাঁচানোর চেষ্টা করছি : প্রভা - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তির গুরুত্ব তুলে ধরেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দেওয়া ওই বার্তায় তিনি বলেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই কাউকে ছেড়ে দেওয়া নয়; অনেক সময় এটি বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত।

প্রভা লেখেন, যে সম্পর্ক একসময় গুরুত্বপূর্ণ ছিল, সেটি যদি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দিতে থাকে, তাহলে সেখান থেকে দূরে সরে আসা প্রয়োজন। ভালোবাসার জন্য নিজের মানসিক শান্তি, আত্মপরিচয় কিংবা আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

- Advertisement -

জীবনের বিভিন্ন সম্পর্কের উদাহরণ দিয়ে প্রভা বলেন, কেউ শুধু প্রয়োজনের সময় পাশে থাকতে পারেন, কোনো কর্মক্ষেত্র মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে, আবার পরিবারের কেউ ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করতে পারেন। এমনকি জীবনসঙ্গী পাশে থেকেও একজন মানুষকে ভেতর থেকে একাকী করে দিতে পারেন।

প্রভার ভাষ্য, অন্যদের ভালো রাখতে গিয়ে বারবার নিজেকে বিসর্জন দিতে থাকলে একসময় মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। তাই নেতিবাচক পরিস্থিতি থেকে সরে আসাকে তিনি নিষ্ঠুরতা নয়, বরং সাহস হিসেবে দেখছেন।

‘নিজেকে বাঁচানোর চেষ্টা করছি’—প্রভার এই বক্তব্যে ব্যক্তিগত জীবনের কোনো নির্দিষ্ট ঘটনার ইঙ্গিত রয়েছে কি না, তা তিনি স্পষ্ট করেননি। তবে তার লেখা বার্তায় আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি আরও বলেন, যেখানে বারবার আঘাত পেতে হয়, সেখানে নিরাময় কঠিন। আর যে পরিবেশ একজন মানুষকে প্রতিনিয়ত ছোট করে দেয়, সেখানে তার বিকাশও সম্ভব নয়। তাই কখনো কখনো কারও কাছ থেকে দূরে সরে যাওয়া মানেই তাকে ত্যাগ করা নয়; বরং নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ।

- Advertisement -

Related Articles

Latest Articles