সালমান শাহর মৃত্যুর আগের দিন ডাবিং রুমে কী ঘটেছিল?

সালমান শাহর মৃত্যুর আগের দিন ডাবিং রুমে কী ঘটেছিল? - the Bengali Times
সালমান শাহ ও সামিরা হক ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। নব্বইয়ের দশকে অল্প সময়ের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করায় তাঁদের ঘিরে সে সময় প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। তাঁর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকেও তাঁকে হত্যার অভিযোগ তোলা হয়েছিল। বিভিন্ন সময়ে তাঁর স্ত্রী সামিরা হকের দিকেও সন্দেহের আঙুল উঠেছে।

- Advertisement -

মৃত্যুর আগের দিন, ৫ সেপ্টেম্বর এফডিসিতে ‘প্রেম পিয়াসী’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছিলেন সালমান শাহ। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন শাবনূর। সেদিন ডাবিং সেটে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা হকও।

২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা হক ওই দিনের ঘটনা তুলে ধরেন। তাঁর দাবি, ডাবিংয়ের সময় শাবনূর বারবার সালমান শাহর সঙ্গে কানে কানে কথা বলছিলেন। একপর্যায়ে এমন একটি দৃশ্য দেখেন, যা তাঁকে ক্ষুব্ধ করে।

সামিরার ভাষ্য অনুযায়ী, ‘সে সালমান শাহকে জড়িয়ে চুমু খাচ্ছিল, এটা আমি দেখে ফেলি। এগুলো দেখে আমার ভালো লাগেনি।’

সেদিনের ঘটনা স্মরণ করে সামিরা জানান, বিকেলে সালমান শাহর সঙ্গে এফডিসিতে যান তিনি। ডাবিং চলার সময় শাবনূর বারবার সালমানের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে সামিরা প্রথমে সালমানের বাবাকে জানান এবং এরপর ডাবিং সেট থেকে বেরিয়ে যান।

সামিরা বলেন, তিনি চলে যাচ্ছেন বুঝতে পেরে সালমানও তাঁর পেছনে আসেন এবং কী হয়েছে জানতে চান। তবে তিনি কোনো বিস্তারিত কথা না বলে গাড়িতে উঠে বাসায় যাওয়ার কথা জানান। পরে শরীর খারাপের কথা বলে সালমান ডাবিংয়ের কাজ শেষ করেন।

সেদিন শাবনূরের কাছ থেকে বিদায় না নিয়েই সালমান দ্রুত গাড়িতে ওঠেন। পরিচালক বাদলকেও সঙ্গে নেন। গাড়িতে সামিরা রাগ করে চুপ করে বসে থাকলে সালমান তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করেন। পরিচালক বাদলও তাঁকে সান্ত্বনা দেন বলে জানান সামিরা।

সামিরার দাবি, সেদিন সালমান তাঁকে বলেছিলেন, শাবনূরের সঙ্গে আর সিনেমায় অভিনয় করবেন না।

সালমান শাহ ও সামিরা হকের সম্পর্কের শুরু তাঁর তারকা হয়ে ওঠার আগেই। ১৯৯২ সালের ১২ আগস্ট তাঁরা ভালোবেসে বিয়ে করেন। এরপর সালমানের চলচ্চিত্র ক্যারিয়ারের পুরো উত্থানের সময়ই তাঁর পাশে ছিলেন সামিরা।

তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর আকস্মিক মৃত্যু তাঁর ব্যক্তিজীবন, দাম্পত্য সম্পর্ক ও চলচ্চিত্রজীবনকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দেয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক থাকলেও মৃত্যুর আগের দিনের এই ঘটনাও সালমান শাহকে ঘিরে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles