
টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা প্রকাশের পর তার নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি স্বস্তিকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন, যেখানে তাকে সৌম্য বল নামে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। কখনও মিরর সেলফি, কখনও সাধারণ সেলফিতে তাদের উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়।
২৫ জুলাই সৌম্য বলের জন্মদিন উপলক্ষে স্বস্তিকা আবেগঘন একটি বার্তা লিখেন। তিনি লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপযুক্ত একটি ক্যাপশন খুঁজতে তার দীর্ঘ সময় লেগেছে। শুভেচ্ছাবার্তায় তিনি সৌম্যকে দয়ালু, যত্নশীল এবং কুকুরপ্রেমী মানুষ হিসেবে উল্লেখ করে তার প্রতি ভালোবাসা ও স্নেহ প্রকাশ করেন। পাশাপাশি জানান, রাতেই তিনি ‘বুকভরা ভালোবাসা’ নিয়ে দেখা করতে যাবেন।
স্বস্তিকা আরও লিখেছেন, সৌম্য তার এবং তার পোষা কুকুর ‘ফুলকি’র সবচেয়ে প্রিয় মানুষ। এই বক্তব্যও দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
তবে সৌম্য বলের পেশা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে তাদের একসঙ্গে পাহাড়ে ভ্রমণের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছিল। যদিও স্বস্তিকা বা সৌম্য—কেউই তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা স্বস্তিকা মুখার্জি। তবে এবারও নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি কোনো নিশ্চিত বক্তব্য দেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত ও টলিউড অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

