
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই জমে উঠেছে ভবিষ্যদ্বাণীর খেলা। গণিতবিদ, অর্থনীতিবিদ ও কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি এবার বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করছে চিড়িয়াখানার প্রাণীরাও। মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় এমন ব্যতিক্রমী আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
চিড়িয়াখানার অস্থায়ী ফুটবল মাঠে দুটি হাতির সামনে রাখা হয় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার পতাকাযুক্ত দুটি পথ। হাতি দুটি মেক্সিকোর পতাকা লাগানো পথ বেছে নেওয়ায় আয়োজকরা ধারণা করেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাবে মেক্সিকো।
এদিকে ২৬ জুনের স্পেন-উরুগুয়ে ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে দুটি গরিলা। তাদের সামনে দুই দলের জার্সির আদলে তৈরি খাবারের পাত্র রাখা হলে একটি গরিলা উরুগুয়ের পাত্রের দিকে এগিয়ে যায়। এর ভিত্তিতে উরুগুয়ের জয়ের পূর্বাভাস দেওয়া হয়।
শুধু হাতি ও গরিলাই নয়, মুলুকু নামের একটি পুমা ১২ জুনের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে ছয়টি জিরাফ কলম্বিয়ার বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ের সম্ভাবনার কথা জানিয়েছে নিজেদের আচরণের মাধ্যমে।
বিশ্বকাপকে ঘিরে প্রাণীদের এমন ভবিষ্যদ্বাণীমূলক আয়োজন নতুন নয়। ২০১০ সালের বিশ্বকাপে ‘পল’ নামের একটি অক্টোপাস একাধিক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। সেই ধারাবাহিকতায় এবারও প্রাণীদের ভবিষ্যদ্বাণী ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও বিনোদন।
তবে বিশেষজ্ঞদের মতে, এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মূলত দর্শকদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়। এখন দেখার বিষয়, মাঠের খেলায় প্রাণীদের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি প্রমাণিত হয়।

