
ফিফা বিশ্বকাপ উপলক্ষে অন্টারিওজুড়ে বাড়ছে রাতজাগা উৎসবের আমেজ। বিশ্বকাপের ম্যাচগুলো যাতে ভক্তরা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সেজন্য বার ও রেস্তোরাঁগুলোর খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্টারিও সরকার। নতুন এই উদ্যোগের ফলে লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো রাত ২টার পরিবর্তে ভোর ৪টা পর্যন্ত অ্যালকোহল পরিবেশন করতে পারবে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে এই বিশেষ ব্যবস্থা। সাধারণত এ ধরনের বাড়তি সময়ের অনুমতি পেতে বার ও রেস্তোরাঁ মালিকদের অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিওর (এজিসিও) কাছে পৃথকভাবে আবেদন করতে হয়। তবে বিশ্বকাপ উপলক্ষে এবার সেই প্রক্রিয়া শিথিল করা হয়েছে। অর্থাৎ, লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো চাইলে আলাদা অনুমতি ছাড়াই ভোর ৪টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে পারবে।
প্রাদেশিক সরকার বলছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য শুধু ফুটবল ভক্তদের বাড়তি সুবিধা দেওয়া নয়, বরং আতিথিয়েতা খাতকে চাঙ্গা করা এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থনৈতিক চাপ ও ব্যয়বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত বার, রেস্তোরাঁ ও বিনোদন সংশ্লিষ্ট ব্যবসাগুলোর জন্য এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
অন্টারিওর অ্যাটর্নি জেনারেল ডাগ ডাউনি বলেন, “বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা মানুষকে একত্র করে। বার ও রেস্তোরাঁগুলোকে বর্ধিত সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়ার ফলে ভক্তরা পুরো টুর্নামেন্টের উত্তেজনা ও আবহ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে এটি কর্মসংস্থান ধরে রাখতে এবং স্থানীয় ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”
বিশ্বকাপ উপলক্ষে শুধু বার ও রেস্তোরাঁ নয়, এলসিবিও-ও বিশেষ প্রস্তুতি নিচ্ছে। গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) ও অটোয়ার ২৭টি নির্বাচিত এলসিবিও স্টোর বাড়তি সময় পর্যন্ত খোলা থাকবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত এসব স্টোর সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকবে। আর রোববার খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আয়োজনকে ঘিরে রাতজাগা দর্শকসংস্কৃতি অন্টারিওর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, স্পোর্টস বার, পরিবহন এবং খুচরা ব্যবসায় বাড়তি ক্রেতা ও আয় আসবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্বকাপের আবহে পর্যটন ও বিনোদন খাতেও বাড়বে প্রাণচাঞ্চল্য।
তবে এই সিদ্ধান্ত নিয়ে কিছু মহলে উদ্বেগও রয়েছে। গভীর রাত পর্যন্ত অ্যালকোহল পরিবেশনের কারণে জননিরাপত্তা, মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং শব্দদূষণের মতো বিষয় সামনে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। যদিও সরকার বলছে, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নজরদারিতে রাখবে।
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে অন্টারিও এবার এক ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশ তৈরির প্রস্তুতি নিচ্ছে। ফুটবল ভক্তদের জন্য এটি যেমন আনন্দের খবর, তেমনি স্থানীয় ব্যবসার জন্যও হতে পারে বড় অর্থনৈতিক সুযোগ।

