
কানাডার কফি ও ফাস্ট-ফুড বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে। একদিকে বহু বছর পর কানাডার বাজারে ফেরার পরিকল্পনা করছে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড ডানকিন’, অন্যদিকে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার কফি জায়ান্ট টিম হর্টন্স।
শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু গ্রেটার টরন্টো এরিয়াতেই চলতি বছরে ৬৮টি রেস্তোরাঁ নতুনভাবে নির্মাণ অথবা সংস্কার করা হবে। এর মধ্যে নয়টি সম্পূর্ণ নতুন রেস্তোরাঁ এবং ৫৯টি বিদ্যমান আউটলেট আধুনিকায়নের আওতায় আসবে।
এই প্রকল্পের আওতায় স্কারবোরো, মিসিসোগা, ব্র্যাম্পটন, অ্যাজাক্স, পিকারিং, মার্কহাম, ভন, রিচমন্ড হিল, মিল্টন, ওকভিল, বার্লিংটন এবং হ্যামিল্টনের মতো গুরুত্বপূর্ণ শহর ও উপশহরগুলোতে কাজ চলবে। বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা বৃদ্ধি এবং শহরতলিতে দ্রুত বাণিজ্যিক সম্প্রসারণের কারণে এই এলাকাগুলোকে বেছে নিয়েছে টিম হর্টন্স।
শুধু গ্রেটার টরন্টো এরিয়া নয়, পুরো অন্টারিও প্রদেশজুড়েই বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ঘোষণায় বলা হয়েছে, অন্টারিওতে মোট ২৬টি নতুন রেস্তোরাঁ চালু করা হবে এবং ১৮৮টি আউটলেট আধুনিকায়ন করা হবে। এই তালিকায় রয়েছে ক্যামব্রিজ, কিচেনার, লন্ডন, ব্যারি, ইনিসফিল, নায়াগ্রা ফলস, ওয়েন সাউন্ড, ওয়াসাগা বিচ, সারিনা, পোর্ট ডোভার, সল্ট সেন্ট মেরি, সাডবারি এবং উইন্ডসরের মতো গুরুত্বপূর্ণ শহর।
টিম হর্টন্সের এই বিনিয়োগ শুধু ব্যবসা সম্প্রসারণের অংশ নয়; বরং গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেওয়ারও একটি কৌশল। গত কয়েক বছরে ফাস্ট-ফুড শিল্পে গ্রাহকদের প্রত্যাশা অনেক বদলেছে। এখন শুধু খাবারের স্বাদ নয়, রেস্তোরাঁর পরিবেশ, ডিজাইন, আলোর ব্যবস্থা এবং দ্রুত সেবাও গ্রাহক আকর্ষণের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, নতুন নকশায় রেস্তোরাঁগুলোকে আরও “উজ্জ্বল” ও “আধুনিক” করে তোলা হবে। বিশেষ করে তাদের বিখ্যাত বেকড পণ্যগুলোকে আরও আকর্ষণীয়ভাবে প্রদর্শনের জন্য নতুন ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হবে। এ ছাড়া উন্নত আলোর ব্যবস্থা ও বসার পরিবেশের মাধ্যমে অতিথিদের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা তৈরি করতে চায় টিম হর্টন্স। অন্যদিকে রান্নাঘর ও সার্ভিস কাউন্টার পুনর্বিন্যাসের ফলে কর্মীরা আরও দ্রুত ও নিখুঁতভাবে সেবা দিতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি। খাত সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ফাস্ট-ফুড বাজারে প্রতিযোগিতা শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তিনির্ভর অর্ডার ব্যবস্থা, দ্রুত ড্রাইভ-থ্রু সেবা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতাই এখন ব্র্যান্ডগুলোর মূল প্রতিযোগিতার জায়গা।
টিম হর্টন্সের এই বড় ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন ব্র্যান্ড ডানকিন আবার কানাডার বাজারে ফেরার পরিকল্পনা করছে। একসময় কানাডায় কার্যক্রম চালালেও বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশটি থেকে প্রায় হারিয়েই গিয়েছিল ডানকিন’। বিশ্লেষকদের ধারণা, ডানকিনের সম্ভাব্য প্রত্যাবর্তনের আগেই নিজেদের অবস্থান আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে চাইছে টিম হর্টন্স। কারণ কানাডার কফি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে গ্রাহকদের কাছ থেকে সেবার মান ও পণ্যের গুণগত মান নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এই পরিস্থিতিতে দেশজুড়ে ৮০টি নতুন রেস্তোরাঁ চালু এবং ৪০০টির বেশি আউটলেট সংস্কারের পরিকল্পনাকে কেবল সম্প্রসারণ নয়, বরং ব্র্যান্ড পুনর্গঠনের উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।
এই বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে। নতুন রেস্তোরাঁ নির্মাণ, সংস্কারকাজ এবং পরবর্তী পরিচালনার জন্য বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হবে। স্থানীয় নির্মাণশিল্প, সরবরাহ ব্যবস্থা এবং খাদ্যখাতও এর মাধ্যমে উপকৃত হতে পারে। ডানকিনের প্রত্যাবর্তনের সম্ভাবনার মধ্যেই টিম হর্টন্স স্পষ্ট বার্তা দিল কানাডার কফি বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়।

