
ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় দেখা গেছে এক হৃদয়স্পর্শী দৃশ্য। সড়ক দুর্ঘটনায় একটি ভেড়ার মৃত্যু হলে তাকে ঘিরে দেড় ঘণ্টারও বেশি সময় রাস্তার ডিভাইডারে দাঁড়িয়ে থাকে পুরো ভেড়ার পাল। ব্যস্ত সড়কে যান চলাচল চললেও কোনো ভেড়া সেখান থেকে সরে যায়নি।
স্থানীয়রা জানান, খামারি মো. ফরিদের ভেড়ার পাল রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান একটি ভেড়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটির মৃত্যু হয়। এরপর অন্য ভেড়াগুলো মৃত সঙ্গীটিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। তাদের সরানোর চেষ্টা করেও কেউ সফল হননি।
দোকানি মোস্তাক আলী বলেন, সাধারণত প্রাণীরা ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু এরা মৃত ভেড়াটিকে ছেড়ে যায়নি। পথচারী সুজন মিয়াও জানান, শব্দ ও ভয় দেখিয়েও ভেড়াগুলোকে সরানো যায়নি।
পরে মালিক মো. ফরিদ ঘটনাস্থলে এসে মৃত ভেড়াটিকে সরিয়ে নিলে ধীরে ধীরে রাস্তা ছাড়ে বাকি ভেড়াগুলো। তিনি বলেন, ভেড়াদের মধ্যেও গভীর সামাজিক বন্ধন ও আবেগ কাজ করে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রাণীবিদ ডালিম কুমার রয় জানান, দলবদ্ধ প্রাণীদের মধ্যে শোক ও সামাজিক বন্ধনের অনুভূতি প্রবল থাকে। সঙ্গী হারালে তারা মানসিক ধাক্কার মধ্য দিয়ে যায় এবং একত্রিত হয়ে প্রতিক্রিয়া দেখায়।

