ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন - the Bengali Times
আর্শদীপ সিং ও সামরিন কৌর সংগৃহীত ছবি

ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের প্রেম নতুন কিছু নয়। সেই পতৌদি পরিবারের নবাব ক্রিকেটার মনসুর আলি খান থেকে শুরু করে হালের বিরাট কোহলি— বলিউড তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

কিছু সম্পর্ক বিয়ে অবধি গেছে আর কিছু সম্পর্ক ভেঙে গেছে। এবার আলোচনায় ক্রিকেট তারকা পেসার আর্শদীপ সিং ও মডেল-অভিনেত্রী সামরিন কৌর। ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা আর্শদীপ সিং। ২০২৬ মৌসুমে আইপিএলে পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এ ক্রিকেটার।

- Advertisement -

অন্যদিকে বলিউড অভিনেত্রী সামরিন কৌর তার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের কারণে নজর কেড়েছেন। দুজনের মধ্যে সম্পর্কের গুঞ্জন এখন ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। দুই তারকার প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

অভিনেত্রী সামরিন পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট হয়ে তিনি প্রথম জাতীয়ভাবে পরিচিতি পান। সেই সময় সামরিন জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি একজন মডেল ও অভিনেত্রী। এমনকি সামরিন কৌর মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

বিশেষ করে জুবিন নটিয়ালের সঙ্গে ‘তুজে ভুলনা তো চাহা’ (২০২১) এবং গায়ক-র‌্যাপার বাদশাহর সঙ্গে ‘বাওলা’ গানটি তাকে জনপ্রিয় করে তোলে। অভিনয়ে তার কাজের মধ্যে রয়েছে জি৫-এর লিগ্যাল থ্রিলার ‘নেইল পলিশ’ এবং কবির খানের পরিচালনায় তৈরি স্পোর্টস ড্রামা ‘৮৩’, যেখানে রণবীর সিং অভিনয় করেছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তাদের কিছু ইঙ্গিত থেকেই নেটিজেনদের মাঝে গুঞ্জনের শুরু। আর্শদীপ সম্প্রতি স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে এক রহস্যময় নারীর হাত ধরে থাকতে দেখা যায়। নেটিজেনরা দ্রুতই বুঝতে পারেন, ওই নারীর ট্যাটু ও নখের নকশা সামরিন কৌরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে মিলে যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে।

এ ছাড়া সামরিনকে আইপিএল ম্যাচে পাঞ্জাবের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে আর্শদীপকে সমর্থন করতে দেখা গেছে বলেও দাবি করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles