
রাজধানীর উত্তরা এলাকায় পোশাকের শোরুমে কেনাকাটা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন বিএনপির নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে তিনি মায়ের জন্য কাপড় কিনতে যান আড়ং–এর উত্তরা জসিমউদ্দিন রোডের শোরুমে। কেনাকাটা শেষ করার পর শপিং ব্যাগ না পাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন বলে জানা গেছে।
এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা–সমালোচনা।
এদিকে ঘটনাটি ঘিরে পরোক্ষভাবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর মেয়ে শামারুহ মির্জা। যদিও তিনি তার পোস্টে সরাসরি রুমিন ফারহানার নাম উল্লেখ করেননি।
রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে শামারুহ মির্জা লেখেন—
“পলিটিক্যালি ইনকারেক্ট শোনাবে? কিন্তু আড়ং–এ হাজার হাজার টাকার শপিং করা যাবে, কিন্তু পনেরো টাকা দিয়ে ব্যাগ কেনা যাবে না?”
তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেন। তাদের মধ্যে কেউ কেউ আবার রুমিন ফারহানাকে ঘিরে তৈরি হওয়া আড়ংয়ের শপিং ব্যাগ বিতর্ক নিয়েও মতামত দেন।

