আড়ংয়ের কাণ্ডে হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা

আড়ংয়ের কাণ্ডে হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা - the Bengali Times

রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত আড়ং শোরুমে কেনাকাটা করতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন রুমিন ফারহানা। মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পাওয়ায় হাতে করেই কাপড় নিয়ে বাসায় ফিরতে হয় তাকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, শনিবার ইফতারের পর রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যান বিএনপির এই সংসদ সদস্য। সেখানে মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনে কাউন্টারে বিল পরিশোধ করেন। প্রায় সাড়ে চার হাজার টাকার কেনাকাটা করলেও তাকে কোনো শপিং ব্যাগ দেওয়া হয়নি; বরং কাপড়গুলো হাতে ধরিয়ে দেওয়া হয়। পরে তিনি সেভাবেই কাপড় নিয়ে বেরিয়ে আসেন।

- Advertisement -

হাতে করে কাপড় নিয়ে বের হওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ইফতারের পর আড়ংয়ে গিয়ে মায়ের জন্য কাপড় কিনেছিলেন। কিন্তু বিল দেওয়ার সময় কোনো ব্যাগ দেওয়া হয়নি। তার প্রশ্ন, “সাড়ে চার হাজার টাকার কাপড় কিনে কেন আমি আবার টাকা দিয়ে ব্যাগ কিনব?”

তিনি আরও বলেন, সাধারণত তিনি আড়ংয়ে যান না। তবে তার মায়ের পছন্দের কাপড় সেখানে পাওয়া যায় বলেই যেতে হয়েছিল।

এদিকে জাকির হোসেন শুভ ফেসবুকে লিখেছেন, একজন গ্রাহক যখন টাকা দিয়ে পণ্য কেনেন, তখন সেই পণ্য বহনের জন্য অন্তত একটি সাধারণ শপিং ব্যাগ পাওয়ার বিষয়টি স্বাভাবিক হওয়া উচিত। পরিবেশ রক্ষার কথা বলে যদি ব্যাগ দেওয়া বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।

একটি সূত্র জানায়, আড়ংয়ের শোরুমে কেনাকাটার পর ব্যাগ আলাদা করে কিনতে হয়। এসব ব্যাগের দাম প্রায় ১২ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তবে এ বিষয়ে আড়ং কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উত্তরার শোরুমে যোগাযোগের চেষ্টা করা হলেও রাত পর্যন্ত কেউ ফোন রিসিভ করেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles