
গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ-এর উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য।
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক রনি তার ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বক্তব্যে বলেন, দেশে অন্য দল যতই চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা সহজে পূরণ করা সম্ভব নয়। তার মতে, এই জায়গা শেষ পর্যন্ত আবারও আওয়ামী লীগই পূরণ করবে।
তিনি আরও বলেন, বিএনপি বা জামায়াত যতই রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করুক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা ও অবস্থানকে পুরোপুরি প্রতিস্থাপন করা কঠিন।
তবে রনি মনে করেন, কোনো রাজনৈতিক সমঝোতা বা চুক্তির মাধ্যমে যদি আওয়ামী লীগ দেশে ফিরে আসতে চায়, তাহলে তা দলটির রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে। তার ভাষায়, আওয়ামী লীগকে তাদের নিজস্ব রাজনৈতিক শক্তি ও কর্মসূচির মাধ্যমেই রাজনীতিতে পুনরায় সক্রিয় হতে হবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেক আওয়ামী লীগ নেতা মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের জন্য কিছু করবেন। কিন্তু রনির মতে, মোদি বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দলের পুনর্বাসন নিশ্চিত করবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

