
পারস্য উপসাগরে একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বুধবার রাতে দুটি তেলবাহী জাহাজে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর মধ্যে একটি ছিল মার্কিন মালিকানাধীন ট্যাঙ্কার। হামলার পর ইরান একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরকবোঝাই একটি নৌকা ইরাকি জলসীমার কাছে ট্যাঙ্কারটিতে আঘাত হানার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের ধারাবাহিক হামলার মধ্যে পারস্য উপসাগরে দুটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নিহত হয়েছেন।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের কাছে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।
বুধবার রাতে লেবাননভিত্তিক সংগঠন হেজবুল্লার সঙ্গে সমন্বয় করে ইসরাইলে হামলা চালানোর পর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। এরই মধ্যে ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং অপরিশোধিত তেলের দামও দ্রুত বাড়তে শুরু করেছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

