টিটিসির বাস সেবায় পরিবর্তন

টিটিসির বাস সেবায় পরিবর্তন - the Bengali Times
টরন্টো ট্রানজিট কমিশন টিটিসি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে চালু করতে যাচ্ছে নতুন একটি এক্সপ্রেস বাস সেবা

টরন্টো ট্রানজিট কমিশন (টিটিসি) পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে চালু করতে যাচ্ছে নতুন একটি এক্সপ্রেস বাস সেবা। নতুন এই রুটের নাম ৯০৬ এয়ারপোর্ট–হাম্বার কলেজ এক্সপ্রেস, যা হাম্বারউড লুপ থেকে পিয়ারসনের ভিসকাউন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে।

টিটিসি সূত্রে জানানো হয়েছে, এই এক্সপ্রেস লাইনটি বিশেষভাবে বিমানবন্দরমুখী যাত্রীদের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। ৯০৬ নম্বর বাসটি ৬ ফিঞ্চ ওয়েস্ট রুটে হাম্বার কলেজ বাস টার্মিনাল ও হাম্বার কলেজ স্টেশনকে সংযুক্ত করবে, ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বিমানযাত্রী সবার জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

- Advertisement -

ভিসকাউন্ট স্টেশনে নেমে যাত্রীরা সহজেই টার্মিনাল লিঙ্ক ট্রেনের মাধ্যমে পিয়ারসন বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল, ইউপি এক্সপ্রেস এবং অন্যান্য ট্রানজিট সেবার সঙ্গে সংযোগ করতে পারবেন। এতে করে বিমানবন্দরে পৌঁছাতে বা সেখান থেকে শহরে ফিরতে সময় ও ঝামেলা দুটোই কমবে বলে আশা করা হচ্ছে।

টিটিসি জানিয়েছে, ৯০৬ এয়ারপোর্ট–হাম্বার কলেজ এক্সপ্রেস সপ্তাহের সাতদিনই চলবে। বাসটি হাম্বারউড বুলভার্ড, হাম্বারলাইন ড্রাইভ, হাম্বার কলেজ বুলভার্ড, হাইওয়ে ২৭, ডিক্সন রোড, এয়ারপোর্ট রোড, ব্রেসলার ড্রাইভ, ক্যাম্পাস রোড, ভিসকাউন্ট রোড এবং আমেরিকান ড্রাইভ হয়ে চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতি ১৫ মিনিট অন্তর একটি করে বাস চলবে।

নতুন এই পরিবর্তনের পাশাপাশি টিটিসি ৩৭ আইলিঙ্গটন রুটের সেবাও সমন্বয় করছে। প্রতি শনিবার সন্ধ্যায় এই রুটের সময়সূচি এমনভাবে সাজানো হবে, যাতে এটি লাইন ২ ব্লুর–ড্যানফোর্থ সাবওয়ের শেষ প্রান্তের সময়ের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হয়।

এর অংশ হিসেবে ৩৭এ আইলিঙ্গটন রুটে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে, যা রাত ২টা ২০ মিনিটে আইলিঙ্গটন স্টেশন থেকে ছেড়ে যাবে। এতে করে গভীর রাতে যাতায়াত করা যাত্রীদের জন্য বাড়তি সুবিধা তৈরি হবে।

নতুন এক্সপ্রেস রুট ও সময়সূচির এই পরিবর্তনগুলো পিয়ারসন বিমানবন্দরগামী যাত্রীদের জন্য যাতায়াতকে আরও নির্ভরযোগ্য ও দ্রুত করবে বলে মনে করছে টিটিসি। বিশেষ করে নিয়মিত বিমানযাত্রী, হাম্বার কলেজের শিক্ষার্থী এবং আশপাশের এলাকার বাসিন্দারা এই সেবার মাধ্যমে উল্লেখযোগ্য সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles