রিসাইক্লিং সামগ্রী সংগ্রহের অপেক্ষায় এখনো টরন্টোর কিছু পরিবার

রিসাইক্লিং সামগ্রী সংগ্রহের অপেক্ষায় এখনো টরন্টোর কিছু পরিবার - the Bengali Times
টরন্টোতে নতুন বেসরকারি ব্যবস্থার আওতায় রিসাইক্লিং সামগ্রী সংগ্রহ শুরু হলেও নির্ধারিত সময়ে সেবা না পাওয়ায় এখনো বহু পরিবার তাদের রিসাইক্লিং সামগ্রী সংগ্রহের অপেক্ষায় রয়েছে

টরন্টোতে নতুন বেসরকারি ব্যবস্থার আওতায় রিসাইক্লিং সামগ্রী সংগ্রহ শুরু হলেও নির্ধারিত সময়ে সেবা না পাওয়ায় এখনো বহু পরিবার তাদের রিসাইক্লিং সামগ্রী সংগ্রহের অপেক্ষায় রয়েছে। চলতি মাসের শুরুতে নির্ধারিত দিনে সংগ্রহ কার্যক্রম ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টিকে “বিরক্তিকর” বলে মন্তব্য করেছেন অন্তত একজন সিটি কাউন্সিলর।

প্রদেশব্যাপী নতুন ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে সিটি অব টরন্টো আর আবাসিক রিসাইক্লিং সামগ্রী সংগ্রহের দায়িত্বে নেই। নতুন নিয়ম অনুযায়ী, প্রদেশের রিসাইক্লিং সামগ্রী ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে ভ্যানকুভারভিত্তিক রিসাইক্লিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সার্কুলার ম্যাটেরিয়ালস-কে। আর টরন্টো শহরের বিভিন্ন এলাকায় রিসাইক্লিং সামগ্রী সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে গ্রিন ফর লাইফ (জিএফএল) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।

- Advertisement -

তবে নতুন এই ব্যবস্থার শুরুতেই দেখা দিয়েছে সমস্যা। সার্কুলার ম্যাটেরিয়ালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালেন ল্যাঙ্গডন জানিয়েছেন, তাদের সেবাদাতা প্রতিষ্ঠান জিএফএল এনভায়রনমেন্টাল নিশ্চিত করেছে যে সিটি অব টরন্টোর ডিস্ট্রিক্ট ২ ও ৩-এর কিছু পরিবার নির্ধারিত বিশেষ সংগ্রহ তারিখে রিসাইক্লিং সেবা পায়নি। বিশেষ করে ছুটির পর নির্ধারিত ২ ও ৩ জানুয়ারি এই সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়।

ল্যাঙ্গডন আরও জানান, এই দুই ডিস্ট্রিক্টের বাসিন্দাদের ছুটির পর বিশেষ রিসাইক্লিং সংগ্রহ তারিখ সম্পর্কে আগেই একটি পোস্টকার্ড পাঠানো হয়েছিল। ডিস্ট্রিক্ট ২ ও ৩-এর আওতায় রয়েছে শহরের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি নেবারহুড এবং ইয়ং স্ট্রিটের পশ্চিম পাশের এলাকাগুলো।

সংগ্রহে ব্যর্থতার বিষয়টি স্বীকার করে সার্কুলার ম্যাটেরিয়ালস জানিয়েছে, যেসব পরিবারের রিসাইক্লিং সামগ্রী নির্ধারিত দিনে সংগ্রহ করা হয়নি, তাদের ক্ষেত্রে ৫ জানুয়ারি থেকে পুনরায় সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। এ জন্য বাসিন্দাদের তাদের রিসাইক্লিং সামগ্রী বাইরে রেখে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে সেগুলো দ্রুত সংগ্রহ করা সম্ভব হয়।

এদিকে, নতুন ব্যবস্থার এমন শুরুর কারণে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, সঠিক সময়ে সংগ্রহ না হওয়ায় তাদের বাড়ির সামনে রিসাইক্লিং সামগ্রী জমে রয়েছে, যা দৈনন্দিন জীবনে ভোগান্তি তৈরি করছে। নগর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে দ্রুত ও কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, নতুন প্রদেশব্যাপী ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য শুরুতেই সমন্বয় ও পরিকল্পনার ঘাটতি দূর করা জরুরি। অন্যথায়, ভবিষ্যতে এ ধরনের সমস্যা আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles