
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পর থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও উত্তেজনা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা শান্তি, যুক্তি ও আইনি প্রক্রিয়ার প্রতি জোর দিয়ে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ে তোলার লড়াই—ধ্বংসের নয়। তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন।
ডা. তাসনিম জারা উল্লেখ করেন যে, জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভকে ধ্বংসাত্মক দিকে প্রবাহিত করার প্রচেষ্টা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। তিনি হাদির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, এটি অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও যোগ করেন, গণক্ষোভকে যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল রাজনৈতিক দিকে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব। সহিংসতা হাদির স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের কল্যাণের পথে বাধা সৃষ্টি করতে পারে।
হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগসহ বিভিন্ন স্থানে জনসমাগম হয়। পরে কিছু এলাকায় উত্তেজনা বেড়ে যায়, যার ফলে কারওান বাজার ও ধানমন্ডি এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

