
বেলজিয়ামের এক ব্যক্তি প্রায় ৪৭২ মাইল (প্রায় ৭৬০ কিলোমিটার) গাড়ি চালিয়ে পৌঁছলেন তার স্বপ্নের ‘ভবিষ্যৎ স্ত্রী’র কাছে। কিন্তু দরজা খুলে যাকে পেলেন, তিনি তার ‘প্রেমিকা’ নন- বরং সেই ফরাসি মডেল সোফি ভুজেলোর স্বামী ফ্যাবিয়েন বুতামিন! ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ান যুবক মিশেল নামের ওই ব্যক্তি ভেবেছিলেন, ফ্রান্সের মডেল এবং সাবেক মিস লিমুজিন সোফি ভুজেলো (মিস ফ্রান্স ২০০৭-এর প্রথম রানার-আপ) তাকে বিয়ে করতে চলেছেন। সেই বিশ্বাসে তিনি সরাসরি তার বাড়িতে হাজির হন। কিন্তু দরজা খোলেন ৩৮ বছর বয়সী বুতামিন। তিনি ভিডিও ধারণ করতে করতে বলেন, আমাকে ভিডিও করতে হচ্ছে। কারণ একজন লোক দরজায় কড়া নাড়ে আর বলে, ‘আমি সোফির ভবিষ্যৎ স্বামী’। আচ্ছা, আমি তো বর্তমান স্বামী। এবার হবো মুখোমুখি।
এরপর শুরু হয় বিব্রতকর কথোপকথন- মিশেল দৃঢ়ভাবে দাবি করতে থাকেন তিনি ভুজেলোর হবু বর, আর বুতামিন তাকে বোঝাতে চেষ্টা করেন বাস্তবতা কী। সোফি ভুজেলো নিজে ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং সতর্ক করেন, আমি এই ব্যক্তির জন্য সত্যিই দুঃখিত। ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান থাকুন। আমি ভিডিওটি শেয়ার করছি, যাতে সবাই বুঝতে পারেন ঘটনা সত্যি এবং যেন সবাই সতর্ক থাকেন। অবশেষে ভুজেলোর স্বামী ও পরিবারকে দেখে মিশেল বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে। দূর থেকে শোনা যায়, তিনি বলেন, আমার মনে হচ্ছে, সে (সোফি) আমাকে ফাঁকি দিয়েছে। তখন বুতামিন উত্তর দেন, আমার স্ত্রী নয়, ভুয়া অ্যাকাউন্ট। খুব সাবধান থাকতে হবে।
মিশেল জানান, তিনি অনলাইনে ভুজেলোর ছদ্মবেশী এক প্রতারককে মোট ৩৫,০০০ ডলার পাঠিয়েছেন। তিনি তার সঙ্গে রোমান্টিক সম্পর্ক গড়ে তোলার ভান করেছিলেন। ঘটনাটি এখন ফ্রান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ এটি আবারও প্রমাণ করেছে কিভাবে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।

