
রেণুকাস্বামী নামে এক ভক্তকে নৃশংসভাবে হত্যা মামলায় কন্নড় সিনেমার তারকা অভিনেতা দর্শন থুগুদিপা ও অভিনেত্রী পবিত্রা গৌড়াসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাম্প্রতিক একটি রিমান্ড নোট আদালতে পেশ করেছে পুলিশ।
সেখানে পুলিশ উল্লেখ করেছেন, রেণুকাস্বামীকে হত্যার সময় সেখানে উপস্থিত ছিলেন মামলার প্রধান অভিযুক্ত অভিনেত্রী পবিত্রা গৌড়া। এ ছাড়া হত্যার আগে রেণুকাস্বামীকে পবিত্রা গৌড়া স্যান্ডেল দিয়ে পিটিয়েছিলেন বলে জানানো হয়। এই মামলায় উসকানিদাতা হিসেবে পবিত্রা গৌড়াকে মামলার এক নম্বর আসামি এবং অভিনেতা দর্শনকে দুই নম্বর আসামি করা হয়েছে, যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
পুলিশ রিমান্ড নোটে আরও উল্লেখ করেছেন যে, পবিত্রা নিজেই রেণুকাস্বামী হত্যার স্থানে উপস্থিত ছিলেন। পুলিশ পবিত্রের বাড়ি থেকে খুনের আলামত হিসেবে স্যান্ডেল, জামাকাপড় এবং অন্যান্য নথি জব্দ করেছে।
দর্শনের গ্যাং সদস্য হত্যা মামলার ৯ নম্বর আসামি ধনরাজ ওরফে রাজা রেণুকাস্বামীকে বৈদ্যুতিক শক দিয়েছিলেন বলে জানায় পুলিশ। পুলিশ তার বাড়ি থেকে একটি ‘ইলেকট্রিক শক টর্চ’ জব্দ করেছে।
গত ৮ জুন কর্নাটকের চিত্রদুর্গার বাড়ি থেকে তুলে এনে রেণুকাস্বামীকে নৃশংসভাবে হত্যা করে লাশ নালায় ফেলে দেওয়া হয়।

