
বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না।’
বুধবার (২৫ নভেম্বর) থেকে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ফেসবুক লাইভে মোহন বিদেশে থাকা নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, দল ক্ষমতায় থাকাকালে তারা তাকে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। অথচ এখন দলের কঠিন সময়ে নিজেরা বিদেশে অবস্থান করছেন। দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।
তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়েক দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে।’
বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচনায় ছিলেন মোহন।
ভাইরাল ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন, দলের প্রভাবশালী নেতাকর্মীরা ক্ষমতায় থাকার সময় নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করেছেন। এখন সংকটের সময়ে বিদেশে বসে কর্মীদের দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন।

