
ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিয়ের আগে নিজের পছন্দের মানুষের কথা পরিবারকে জানানোয় বাবার হাতে খুন হয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। পরিবারের ঠিক করা পাত্রকে বিয়ে করতে রাজি না হয়ে মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানানোর পরই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পারিবারিক সম্মান রক্ষার নামে সংঘটিত এই হত্যাকাণ্ডকে ‘অনার কিলিং’ হিসেবে দেখছে পুলিশ।
নিহত তরুণীর নাম কল্যাণী। হত্যার অভিযোগে তার বাবা কৈলাস আদেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের আদিলাবাদ জেলার নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর। কিন্তু এর দুদিন আগে, ২৩ নভেম্বর সন্ধ্যায় পরিবারের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন তিনি। মা-বাবাকে জানান, তিনি তার মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত।
মেয়ের এই কথা শোনার পর পরিবারে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা কৈলাস আদে মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেন বলে পুলিশের দাবি।
পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধ করে হত্যা করেন তার বাবা। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রাখেন তিনি। পরে পরিবার ও গ্রামবাসীর কাছে দাবি করেন, মা-বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।
তবে মৃত্যুর পরপরই তড়িঘড়ি করে কল্যাণীর শেষকৃত্য সম্পন্ন করায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। গ্রামবাসীদের কাছ থেকে গোপন তথ্য পেয়ে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্ত ও জিজ্ঞাসাবাদের মুখে কৈলাস আদে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে হত্যার বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

